মাত্র দিন-দুয়েক আগেই এখন টিভির ক্যামেরায় এভাবেই লিগ মৌসুমে নিজেদের দল সম্পর্কে আশ্বস্ত করেছিলেন বসুন্ধরা কিংসের কোচ মাহবুব হোসেন রক্সি। কিন্তু, সপ্তাহ না ঘুরতেই ফিফা থেকে আরও বড় রকমের ধাক্কা এসেছে কর্পোরেট ক্লাবটির নামের পাশে। ফিফার কাছ থেকে আরও দুটি নতুন নিষেধাজ্ঞা যুক্ত হয়েছে কিংসদের নামের পাশে।
সবশেষ মঙ্গলবার আরও দুই নিষেধাজ্ঞা এসেছে কিংসের নামের পাশে। সবমিলিয়ে বাংলাদেশের লিগের চ্যাম্পিয়নদের মোট নিষেধাজ্ঞা এই মুহূর্তে ১৪টি। লিগে খেলার জন্য ক্লাব রেজিস্ট্রেশনও করা হয়নি তাদের। যদিও সেই সময় পেরিয়ে গেছে মঙ্গলবারই। বাফুফে ভবনে আসেননি কেউই।
নতুন এই নিষেধাজ্ঞার পর ক্লাবের অবস্থান জানতে মুঠোফোনে যোগাযোগ করা হয়েছিল বসুন্ধরা কিংসের প্রধান এবং বাফুফের সহ-সভাপতি ইমরুল হাসানের সঙ্গে। তবে, এখনই গণমাধ্যমে কিছু বলতে চান না বলে মন্তব্য করেছেন তিনি। এদিকে ক্লাবের এমন অনিশ্চিত অবস্থায় কোচ-খেলোয়াড়দের অনেকেই দল ছেড়ে গিয়েছেন। তবে চুক্তিবদ্ধ থাকা ৬ দেশি ফুটবলার কী করবেন, তা এখন পর্যন্ত অজানা।
২১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া লিগ মৌসুমের জন্য ক্লাব রেজিস্ট্রেশনের শেষ সময় ছিল ৭ আগস্ট। নিষেধাজ্ঞায় থাকা বসুন্ধরা কিংস এবং আবাহনীর অপেক্ষায় একদফা বাড়িয়ে বাফুফে নতুন তারিখ দেয় ১১ আগস্ট। অবশ্য এরপরও আবাহনী বা বসুন্ধরাও মুক্তি পায়নি নিষেধাজ্ঞা থেকে। বাফুফে সময় বাড়াবে কি না কিংবা বসুন্ধরাকে ছাড়াই লিগ হবে কি না, সেটাই আপাতত মৌসুম শুরুর আগে নতুন নাটকীয়তা।





