ফিফার জরুরি বৈঠকে ক্ষমা চেয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো | ছবি: সংগৃহীত
0

ফিফার ডাকা জরুরি বৈঠকে সদস্য দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ভবিষ্যতে এমন বিতর্কিত ভুল বা প্রস্তাব না গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। একই সঙ্গে ইনফান্তিনোর প্রতি পূর্ণ সমর্থনও পুনর্ব্যক্ত করেছে ফিফার সর্বোচ্চ স্টেকহোল্ডাররা।

ফিফার বিতর্কিত বাণিজ্যিক পরিকল্পনা ঘিরে টানা সমালোচনার মুখে এবার দুঃখ প্রকাশ করলেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। মরক্কোর রাজধানী রাবাতে জরুরি বৈঠকের পর সদস্য দেশগুলোর কাছে আনুষ্ঠানিকভাবে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

জরুরি বৈঠকে ইনফান্তিনো, মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রম এবং ব্যবস্থাপনা বোর্ডের সদস্যরা অংশ নেন। বৈঠক শেষে ফিফা জানায়, বাতিল হওয়া 'ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ' পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়ায় ভুল হয়েছিল এবং বিষয়টি ভিন্নভাবে পরিচালনা করা উচিত ছিল।

এদিকে ফিফা কাউন্সিল ও ২১১টি সদস্য দেশের কাছে পাঠানো চিঠিতে ইনফান্তিনো ও গ্রাফস্ট্রম আন্তরিকভাবে ক্ষমা চেয়ে ভবিষ্যতে এমন ভুল আর না হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি পুরো ঘটনার স্বাধীন পর্যালোচনারও ঘোষণা দিয়েছে সংস্থাটি।

তবে প্রস্তাব প্রত্যাহারের পর ফিফা স্পষ্ট জানিয়েছে, তাদের সুশাসন, স্বচ্ছতা ও ভাবমূর্তির বিরুদ্ধে কোনো আক্রমণ আর সহ্য করা হবে না। প্রয়োজন হলে সংস্থার সুনাম রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

বৈঠকে ফিফার নির্বাহী কমিটির পূর্ণ সমর্থন পেয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। বাণিজ্যিক স্বত্ব বিক্রির নতুন মডেল প্রস্তাবের পর থেকে উয়েফা-এএফসিসহ বিভিন্ন কনফেডারেশন তীব্র সমালোচনার পাশাপাশি সভাপতির পদত্যাগ দাবি করেন। একইসঙ্গে বিভিন্ন দেশও একে একে ইনফান্তিনোর প্রতি নিজেদের সমর্থন প্রত্যাহার করতে থাকে। ফলে বেশ কোণঠাসা হয়ে পড়েছিলেন তিনি। ফিফা নির্বাহী কমিটিও মুখ ফিরিয়ে নিলে পদত্যাগ করতে বাধ্য হতেন ইনফান্তিনো। তবে জরুরি বৈঠক ডেকে এ যাত্রায় নিজের পদ বাঁচাতে সক্ষম হলেন তিনি।

গত সপ্তাহে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব পরিচালনার নতুন প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা জানানোর পর থেকেই বিতর্কের মুখে পড়ে ফিফা। সমালোচনার মুখে সেই পরিকল্পনা বাতিলও করে তারা।

ইএ