নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল

হ্যান্ড অব গড
হ্যান্ড অব গড | ছবি : সংগৃহীত
0

ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিত ম্যাচের বলটি এবার নিলামে উঠছে। এবার ২৫ লাখ মার্কিন ডলার ধরা হয়েছে এর ভিত্তিমূল্য। দ্বিতীয়বারের মতো বিখ্যাত সেই সাদা কালো বলটি এবার নিলামে তুলছে হেরিটেজ অকশনশ প্রোডাকশন প্রতিষ্ঠান।

৪০ বছর আগের ঘটনা। আজ অবধি বিশ্বকাপ ইতিহাসে যেটি জ্বলজ্বল করছে। একই ম্যাচে দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের পর গোল অব দ্য সেঞ্চুরি। তাও আবার মাঠের লড়াই ছাড়িয়ে রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে ওঠা ইংল্যান্ডের বিপক্ষে।

ফুটবল বিশ্বে অমর হয়ে ওঠা ওই ম্যাচটা যেমন আইকনিক তেমনি তার বলটাও বটে! এবার তাই সেই অবিস্মরণীয় ম্যাচের বলটি উঠছে নিলামে। বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস বিশ্বজুড়ে থাকা ফুটবল সংগ্রাহকদের জন্য নিয়ে এসেছে এ অবিশ্বাস্য সুযোগ।

ঐতিহাসিক বলটির প্রাথমিক নিলাম দর ধরা হয়েছে ২৫ লাখ মার্কিন ডলার। এতদিন বলটি সংরক্ষণ করেছিলেন সেই ম্যাচের প্রধান রেফারি আলি বিন নাসের। সাদা কালো বলটিতে সহকারী রেফারিদের স্বাক্ষরও নেন নাসের। দীর্ঘদিন ব্যক্তিগত সংগ্রহে থাকার পর এবার দ্বিতীয়বারের মতো নিলামে উঠছে সেটি।

এর আগেও একবার ২০২৩ সালে বিখ্যাত সেই বলটি নিলামে তোলা হয়। তবে সেবার বলটির জন্য সর্বোচ্চ প্রায় সাড়ে ২০ লাখ ডলারের দরপত্র জমা পড়লেও নিলামকারী প্রতিষ্ঠানের প্রত্যাশা না পূরণ হওয়ায় অবিক্রিত থাকে বলটি। তবে এবার বিশ্বকাপের মধ্যে বলটি নিলামে উঠায় বেশ চড়া মূল্য আশা করছে নিলামকারী প্রতিষ্ঠানটি। এর আগে ম্যারাডোনার পরা সেই ম্যাচের জার্সিটি বিক্রি হয়েছিল ৯৩ লাখ ডলারে।

জুলাইয়ের শেষ দিকে শুরু হবে নিলাম। যা চলবে ২৩ আগস্ট পর্যন্ত। ম্যারাডোনার জাদু আর বিতর্কের সাক্ষী এই বলটি কার সংগ্রহে যাবে, কোন শোকেসে-ই বা শোভা পাবে তা দেখতে এখন মুখিয়ে আছে পুরো ক্রীড়াবিশ্ব।

জেআর