মঙ্গলবারের বহুল প্রতীক্ষিত সেমিফাইনাল ম্যাচের আগে ডালাস স্টেডিয়ামকে পুরোপুরি প্রস্তুত করতে চলছে শেষ পর্যায়ের কাজ। মাঠ থেকে শুরু করে ড্রেসিংরুম সবকিছুতেই চলছে নিখুঁত প্রস্তুতি।
বিশ্বকাপের জন্য বিশেষভাবে তৈরি প্রাকৃতিক ঘাসের মাঠে দেয়া হচ্ছে নিয়মিত পানি। অত্যাধুনিক ইউভি গ্রোথ সিস্টেমে বেড়ে ওঠা ঘাস কেটে সমান করা হচ্ছে, যাতে ম্যাচের সময় খেলোয়াড়রা পান সর্বোচ্চ মানের খেলার পরিবেশ।
দুই দলের ড্রেসিংরুমও সাজানো হয়েছে নিজ নিজ দলের রঙে। খেলোয়াড়দের জন্য রাখা হয়েছে প্রয়োজনীয় অনুশীলন সরঞ্জাম এবং ম্যাচের আগে স্বাচ্ছন্দ্যে প্রস্তুতি নেওয়ার সব ধরনের ব্যবস্থা।
আরও পড়ুন:
বিশ্বকাপ চলাকালে ডালাস স্টেডিয়ামকে ফুটবলের উপযোগী করে তুলতে কৃত্রিম টার্ফের পরিবর্তে বসানো হয়েছিল প্রাকৃতিক ঘাস। তবে ফ্রান্স ও স্পেনের এই সেমিফাইনালই হবে স্টেডিয়ামটিতে অনুষ্ঠিত শেষ বিশ্বকাপ ম্যাচ। ম্যাচ শেষ হওয়ার পরই তুলে ফেলা হবে এই প্রাকৃতিক ঘাসের মাঠ। এরপর আবারও বসানো হবে কৃত্রিম টার্ফ, যাতে নতুন মৌসুমের জন্য প্রস্তুতি নিতে পারে এনএফএলের দল ডালাস কাউবয়েজ। ফুটবলের পাশাপাশি সারা বছরই কনসার্ট, বিনোদন অনুষ্ঠান এবং বিভিন্ন বড় আয়োজনের অন্যতম কেন্দ্র এ স্টেডিয়াম।
কর্তৃপক্ষের একজন বলেন, ‘আপনারা নিশ্চয়ই ওয়ান্ডারওয়াল গানকে ঘিরে ভাইরাল হওয়া মুহূর্তটি দেখেছেন। কান্ট্রি রোডর্সের মতো আরও কিছু মুহূর্তও দর্শকদের আনন্দ দিয়েছে। সব মিলিয়ে দর্শকদের প্রতিক্রিয়ায় আমি ভীষণ সন্তুষ্ট। আমার মনে হয়, পুরো বিষয়টি সত্যিই অসাধারণ হয়েছে।’
সব প্রস্তুতি শেষ করে এখন কেবল অপেক্ষা মাঠের লড়াইয়ের। যেখানে বিশ্বকাপের ফাইনালের টিকিট নিশ্চিত করতে মুখোমুখি হবে দুই ইউরোপীয় পরাশক্তি ফ্রান্স ও স্পেন।




