মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে বেজে উঠেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের দামামা। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বি গ্রুপের প্রথম ম্যাচে মাঠে নামছে আরেক সহ-আয়োজক কানাডা। টরেন্টো স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ (শুক্রবার, ১২ জুন)দ দিবাগত রাত ১টায় শুরু হতে যাওয়া ম্যাচে তাদের প্রতিপক্ষ বসনিয়া ও হার্জেগোভিনা।
আয়োজক হিসেবে সরাসরি জায়গা পাওয়া কানাডা এনিয়ে তৃতীয়বার বিশ্বকাপে অংশগ্রহণ করছে। ১৯৮৬ এবং ২০২২ সালের দুই আসর মিলিয়ে ছয় ম্যাচে মাত্র দুটি গোল করেছে কানাডা। হেরেছে সবগুলোই। তবে এমন রেকর্ড পেছনে ফেলে ঘরের মাঠে জয় দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করতে চায় জেসি মার্শের দল।
সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে রয়েছে কানাডা। শেষ আট ম্যাচে অপরাজিত থাকার পাশাপাশি ছয় ম্যাচে ক্লিনশিট রেখেছে স্বাগতিকরা। তবে উদ্বোধনী ম্যাচে দলটির জন্য দুশ্চিন্তার নাম অধিনায়ক আলফনসো ডেভিস। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তার খেলা নিয়ে রয়েছে শঙ্কা। এছাড়া এসিএল ইনজুরিতে ছিটকে গেছেন মার্সেলো ফ্লোরেস। তার পরিবর্তে দলে ডাকা হয়েছে জেইডেন নেলসনকে।
অন্যদিকে ইতালিকে টাইব্রেকারে হারিয়ে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে বসনিয়া ও হার্জেগোভিনা। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে মাত্র এক পয়েন্টের জন্য বাদ পড়েছিল তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ছয় ম্যাচে অপরাজিত দলটি দিচ্ছে ফর্মে থাকার ইঙ্গিত।
বিশ্বকাপে এ প্রথম মুখোমুখি হচ্ছে কানাডা ও বসনিয়া। তবে প্রীতি ম্যাচে এর আগে দুইবার মুখোমুখি হয়েছে দুই দল। একটিতে জিতেছে বসনিয়া, অন্যটি হয়েছে ড্র।
ঘরের মাঠের সমর্থনকে কাজে লাগিয়ে প্রথমবার বিশ্বকাপে জয়ের স্বাদ পেতে চায় কানাডা। অন্যদিকে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে প্রস্তুত বসনিয়া ও হার্জেগোভিনা।





