কোলম্যানকে কোচ হিসেবে নিয়োগে সহায়তা করবে মন্ত্রণালয়: ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক | ছবি: এখন টিভি
0

কোলম্যানকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে নিয়োগে প্রয়োজনীয় সহায়তা করতে সম্মতি জ্ঞাপন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বর্তমানে তার এজেন্টের সঙ্গে আলোচনা চলছে। আজ (রোববার, ১৭ মে) এমনটিই জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তবে দুই পক্ষের চাওয়া না মিললে সেখানেও বিকল্প ভাবনা আছে বলেও জানিয়েছেন তিনি।

হ্যাভিয়ের ক্যাবরেরার সঙ্গে চুক্তির মেয়াদ শেষের বেশ আগেই নতুন কোচ খুঁজতে বিজ্ঞপ্তি দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এরই মধ্যে দেড় মাস পেরিয়ে গেলেও এখনো হামজা-জামালদের পরবর্তী গুরু কে হচ্ছেন, তা চূড়ান্ত করতে পারেনি বাফুফে।

সময়ের সঙ্গে সঙ্গে পছন্দের কোচের তালিকা ছোট করেছে বাফুফের ৩ সদস্যের কমিটি। বর্তমানে হামজাদের হেড কোচ হিসেবে পছন্দের শীর্ষে ক্রিস কোলম্যান। তাকে পেতে ফেডারেশনকে খরচ করতে হবে বড় অঙ্কের অর্থ। এক্ষেত্রে সাহায্যের হাত বাড়াতে রাজি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

আরও পড়ুন:

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘যাকে নেয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি, যে আমাদের যে কোলম্যান, তার বিষয়ে সার্বিকভাবে এরই মধ্যে ফেডারেশন যেই সহযোগিতা চেয়েছে, সেই সহযোগিতা প্রদান করার জন্য আমরা প্রস্তুত রয়েছি এবং এরই মধ্যে সেই সম্মতি জ্ঞাপন করেছি।’

কোলম্যান ছাড়াও হাঙ্গেরি ও কাজাখিস্তানের সাবেক কোচ বার্ন্ড স্টর্কের ওপর চোখ রাখছে বাফুফে। যদি শেষ পর্যন্ত কোলম্যানকে পাওয়া না যায়, সেক্ষেত্রে বিকল্প ভাবনার কথা জানান আমিনুল হক।

তিনি বলেন, ‘তার যে এজেন্ট রয়েছে, সে এজেন্টের সঙ্গে বোধহয় এখনো পর্যন্ত তাদের যে বোঝাপড়াটা রয়েছে, সেটা এখনো শেষ হয়নি। তো সেটা শেষ না হওয়া পর্যন্ত আসলে আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। আসলে কোলম্যানকে শেষ পর্যন্ত আমরা পাবো কি না। আর যদি না পাই তাহলে আমাদের সেকেন্ড যে চয়েস আছে তাকে আমরা নিশ্চিত করার জন্য এরই মধ্যে নির্দেশনা দেয়া রয়েছে, এরই মধ্যে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে।’

জাতীয় দলের হেড কোচ ইস্যুতে যত দ্রুত সম্ভব সমাধান চায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

এফএস