বাফুফের নতুন কোচ নির্বাচন: প্রো লাইসেন্স, বয়স ও এশিয়ান অভিজ্ঞতায় জোর

কমিটির সদস্য সাঈদ হাসান কানন
কমিটির সদস্য সাঈদ হাসান কানন | ছবি: এখন টিভি
0

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ নির্বাচনে প্রো লাইসেন্সধারী কোচ হওয়া ছাড়াও, এশিয়ায় কাজের অভিজ্ঞতা ও বয়সকে গুরুত্ব দিচ্ছে বাফুফে। রোববার কোচ নির্ধারণী বিশেষ কমিটির বৈঠক শেষে জানিয়েছেন বাফুফের নির্বাহী সদস্য সাঈদ হাসান কানন। সংক্ষিপ্ত তালিকা চূড়ান্ত করা হলেও, এখনও কোচদের আবেদনের দরজা বন্ধ হয়ে যায়নি বলেও জানিয়েছেন কমিটির সদস্যরা।

হ্যাভিয়ের ক্যাবরেরার উত্তরসূরি খুঁজতে বেশ ব্যস্ত সময় পার করছে বাফুফে। তবে ক্রমেই কাঙ্ক্ষিত কোচ পাওয়ার দিকে এগোচ্ছে দেশের ফুটবলের অভিভাবক সংস্থা।

৩০ এপ্রিল পর্যন্ত কোচ হওয়ার আবেদনের দরজা খোলা থাকলেও, অল্প সময়েই প্রায় চারশো কোচের সিভি দাখিল হওয়ায় কিছুটা মধুর সমস্যায়ই পড়তে হচ্ছে বাফুফেকে। ফলে আগেভাগেই নেমে পড়তে হয়েছে কোচ চূড়ান্ত করার কাজে। এরইমধ্যে সংক্ষিপ্ত তালিকাও প্রায় চূড়ান্ত করেছে জাতীয় দলের কোচ নির্ধারণের বিশেষ কমিটি। রোববার আরও একধাপ বাছাই শেষে তালিকার সারসংক্ষেপ তুলে ধরেন কমিটির সদস্য সাঈদ হাসান কানন।

বাফুফে জাতীয় দল কমিটির সদস্য সাঈদ হাসান কানন বলেন, ‘আমরা এ পর্যন্ত যা পেয়েছি, তার ভেতরে আমরা মোটামুটি ২৬ জনের একটা পর্যায়ে দেখে আসছি আরকি। বিশেষ করে ২৬ জনের ভেতরে আটজন টপ লেভেলের কোচিং ক্যারিয়ার রয়েছে। যার ভেতরে জার্মানদের বেশি প্রায়োরিটি আছে। গোলকিপার কোচ ছিল উনিশ জনের, সেখানে আমরা ১০ জনকে সিলেকশন করেছি প্রাথমিক পর্যায়ে একটা সিলেকশন নিয়ে আসছি। মোটামুটি আমি গোলকিপার কোচদের দেখে সেটিসফাই।’

আরও পড়ুন:

হামজা-শোমিতদের কোচ খুঁজতে কি কি মানদণ্ড বেধে দিয়েছে বাফুফে? উত্তর দিলেন বাফুফের নির্বাহী সাঈদ হাসান কানন।

সাঈদ হাসান কানন বলেন, ‘আমরা আসলে বিশেষ করে সিভি চেক করে দেখলাম যে তাদের এশিয়াতে কোচিং ক্যারিয়ার আছে কি না। এশিয়ার ভেতর এক্সপেরিয়েন্স আছে কি না। আমাদের এশিয়ার লেভেলের আমাদের এশিয়ান লেভেলের হ্যান্ডেল করতে হলে এশিয়ান লেভেলের যারা অভিজ্ঞতাসম্পন্ন কোচ তাদেরকে আমরা প্রায়োরিটি দিয়েছি। বয়সের ব্যাপারটাও আছে, ফিফটি থেকে সিক্সটির ভেতরে। আর আমরা যেটা ফেস করেছি বিগত দিনে আমাদের কোচ যারা ছিলেন তারা ম্যাচের ভেতরে টেকনিক্যালি সাউন্ড না। যেমন কোন সময় কোন প্লেয়ার চেঞ্জে আসা আনা উচিত এবং টিমের প্রেশারে কোচদের প্রেশারটা নিতে পারে কি না এক্সপেরিয়েন্সটা দরকার আছে। সেদিকে আমরা চিন্তা করেছি এবং মোটামুটি ভালো লেভেলের কোচই আছে।’

অবশ্য ২৬ জনের সংক্ষিপ্ত তালিকাকেও চূড়ান্ত বলতে নারাজ কমিটির আরেক সদস্য কামরুল হাসান হিল্টন। বরং নির্ধারিত সময়ের মাঝে হাই প্রোফাইল কেউ সিভি দিলে তাকেও বিবেচনায় নেয়ার কথা জানিয়েছেন তিনি।

ইএ