একসময় বিশ্বকাপ মানেই ছিল কিছু নাম, যারা মাঠে নামলেই লিখতো ইতিহাস। অতীতে দলীয় ফুটবলে মুগ্ধতা ছড়ানো এমন অনেক দেশকেই আসন্ন বিশ্বকাপে দেখা যাবে না।
একসময় বিশ্বকাপে আলো ছড়িয়েছে কিন্তু এবার খেলছে না, এমন দেশগুলোর তালিকা করলে প্রথমেই আসবে ইতালির নাম। ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা এ নিয়ে টানা তৃতীয়বার ফুটবলের সর্বোচ্চ আসরে জায়গা নিশ্চিতে ব্যর্থ। ২০০৬ সালে শেষবার শিরোপা জিতেছিল আজ্জুরিরা। টানা বিশ্বকাপে অনুপস্থিতির মাধ্যমে এক সময়ের রাজারা যেন এখন নীরব দর্শক।
১৯৫৪ সালের ফুটবল বিশ্বকাপে জার্মানির জালে এক ম্যাচেই ৮ গোল দিয়েছিল হাঙ্গেরি। ফেরেঙ্ক পুসকাসের নেতৃত্বে সেই আসরে মাইটি ম্যাগিয়ার্সদের ফাইনালে হারাকে বলা হয় ‘বার্নের অলৌকিক ঘটনা’। দুবার বিশ্ব আসরে রানার্স আপ হওয়া দলটিকে শেষবার ফুটবলের সর্বোচ্চ মঞ্চে দেখা গেছে ১৯৮৬ সালে।
বিশ্ব ফুটবলের আরেক পরাশক্তি রাশিয়াকেও দেখা যাবে না এবারের বিশ্বকাপে। ১৯৬৬ সালের সেমিফাইনালিস্টরা নিয়মিত বিশ্ব আসরে বড় দলগুলোর পরীক্ষা নিয়েছে। তবে ইউক্রেনে হামলার জেরে নিষিদ্ধ থাকায় বিশ্বকাপের বাছাইপর্বেও অংশ নিতে পারেনি রাশিয়া। ২০১৮ সালের স্বাগতিকরা এখন মাঠের বদলে আটকে আছে রাজনীতির দেয়ালে।
একসময় ফুটবল বিশ্বে সমীহ জাগানিয়া দল ছিল যুগোস্লাভিয়া। দেশটিকে বলা হতো প্রতিভার খনি। ১৯৩০ ও ৬২, দুইবার সেমিফাইনালে খেলেছিল তারা। নব্বইয়ের দশকে বলকান যুদ্ধের ফলে দেশটি ভেঙে যাওয়ার মাধ্যমে তাদের সোনালী যুগের অবসান ঘটে।
সময়ের নিষ্ঠুরতায় ফুটবল বিশ্ব শাসন করা অনেক দেশেরই পুরোনো ধার নেই। এক সময় যারা বিশ্ব শাসন করতো, আজ তারাই ইতিহাস। আবার কী ফুটবলের সর্বোচ্চ মঞ্চে ফিরতে পারবে দেশগুলো? উত্তরটা সময়ের কাছেই তোলা থাক।





