সবাই যখন ব্যস্ত ঈদের আনন্দ উদযাপনে, তখন বাংলাদেশের জার্সির দায়িত্ব পালন করতে দেশের ৬৮ ফুটবলার উড়াল দিয়েছেন দেশের সীমানার ওপারে। ঈদের দিন সকালে ভিয়েতনামে পা রেখেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দুপুরে থাইল্যান্ড গিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। বয়সভিত্তিক নারী এশিয়ান কাপের ব্যস্ততা তাদের সামনে। আর ছেলেদের অনূর্ধ্ব-২০ দলের সামনে আঞ্চলিক শিরোপা সাফের লড়াই।
জাতীয় দলের সামনে ২৬ মার্চ, প্রতিপক্ষ ভিয়েতনাম। আর ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে থাকছে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ। কার্যত নিয়মরক্ষার ম্যাচ হলেও জাতীয় দলের হ্যাভিয়ের ক্যাবরেরা অধ্যায়ের শেষ হতে পারে এ দুই ম্যাচ দিয়েই। প্রায় চার বছরের বেশি সময় জাতীয় দলের সঙ্গে জড়িয়ে থাকা স্প্যানিশ কোচের বিদায়বেলা রাঙাতে চাইবেন জামাল ভূঁইয়ারা। সঙ্গে দু'টো ম্যাচে ইতিবাচক ফলাফল র্যাংকিংয়ে এগিয়ে দিতে পারে লাল-সবুজের প্রতিনিধিদের। ফলে পুরো দলই বাড়তি সতর্ক এ ম্যাচগুলোকে কেন্দ্র করে। নিজেদের সবটাই মাঠে উজাড় করে দিতে চান হামজা-জামাল-শমিতরা।
আরও পড়ুন:
বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার আমের খান বলেন, ‘খেলোয়াড়দের রাত জেগে থাকাটা খুবি কষ্ট হয়েছে। আমরা ক্লান্তির বিষয়টি রিকভারি করতে পারবো আশা করি। আগামীকাল (সোমবার, ২৩ মার্চ) থেকে প্রস্তুতি নিতে পারবো। ইনশাআল্লাহ ভালো কিছু হবে।’
মূল এশিয়ান কাপে ভালো করা হয়নি বাংলাদেশের মেয়েদের। এবারে মিশন অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের। দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রত্যাশা করছেন থাইল্যান্ড থেকে ভালো কিছু নিয়ে ফেরার।
অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের অধিনায়ক আফাঈদা খন্দকার বলেন, ‘আমাদের প্রস্তুতি অনেক ভালো। অস্ট্রেলিয়া মিশন শেষ করে এবার থাইল্যান্ড মিশন শুরু হবে। আশকরি ভালো কিছু হবে।’
মার্ক কক্স ইস্যুতে কিছুটা বেসামাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ পুরুষ দল। তবে আলোচিত সুলিভান ভাইদের আগমন আর সাফ চ্যাম্পিয়নশিপের কথা বিবেচনায় রেখে ভালো ফুটবল উপহার দেয়ার প্রত্যাশায় যুবারা।
আগামী (২৪ মার্চ) তারিখ সাফ দিয়ে যাত্রা শুরু হবে বাংলাদেশ ফুটবলের ব্যস্ত সময়ের। ঈদ আনন্দের মাত্রা বাড়াতে দেশের এই তিন দলের দিকে তাকিয়ে ফুটবল ভক্তরা।





