দেশের ফুটবলে নতুন অধ্যায়ের সূচনা হলো। প্রথমবার রাজধানীর বাইরে জাতীয় অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের দুই সপ্তাহব্যাপী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে যশোরের শামস্-উল-হুদা ফুটবল অ্যাকাডেমিতে।
রাজধানীর কোলাহল আর কমলাপুরের অস্বাস্থ্যকর পরিবেশের চেয়ে যশোরের গ্রামীণ পরিবেশের এই অ্যাকাডেমি নজর কেড়েছে সবার।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের ম্যানেজার জালাল উদ্দিন বলেন, ‘আমি এই প্লেয়ারদের থেকে অনেক আশাবাদী। এই প্লেয়ার নিয়ে আমি একটা ভালো জায়গায় যেতে পারবো। যে ভালো প্লেয়ার পেয়েছি তাতে আমার মনে হয় না এইটাতে চাপ হবে।’
হামজা চৌধুরীর অভিষেকের পর দেশের ফুটবলে প্রবাসী খেলোয়াড়ের জোয়ার। বয়সভিত্তিক দলেও আছেন একাধিক প্রবাসী। এদের মধ্যে ফাহমিদুলের সাথে ইতালিয়ান লিগে খেলা আব্দুল কাদির যেন সকলের মধ্যমণি।
প্রথমবারের মতো দেশের জার্সি গায়ে জড়ানোর আগেই তার চোখে সাফজয়ের স্বপ্ন। একই স্বপ্ন বুনছেন দলের কোচ গোলাম রব্বানী ছোটনও।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের ফুটবলার আবদুল কাদির বলেন, ‘আমি আমার বেস্ট সময় দিতে চাই। সবসময় বেস্টটা দিয়ে আমি বাংলাদেশের জার্সি জড়াতে চাই আরকি।’
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘প্রত্যাশা তো আমাদের আছেই। আমরা সাফে সবসময় ভালো করার জন্যই যায়।’
বয়সভিত্তিক ফুটবলে দক্ষিণ এশিয়ায় বরাবরই বড় নাম বাংলাদেশ। এবারের অনূর্ধ্ব ১৯ দলটিই গেল সাফ অনূর্ধ্ব ১৭ এর রানার্স আপ। তাই বয়স বদলালেও টুর্নামেন্ট দিয়েই গেল আসরের প্রতিশোধ নিতে চায় টিম বাংলাদেশ।
আজ (বৃহস্পতিবার, ১৭ এপ্রিল) শুরু হওয়া ফুটবল দলের দুই সপ্তাহের ক্যাম্প শেষে বিকেএসপির টার্ফে অনুশীলন করবে দল। ৯ থেকে ১৯ মে ভারতের অরুণাচল প্রদেশে অনুষ্ঠিত হবে এবারের সাফ অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপ।




 party chief Jordan Bardella-320x167.webp)
