চ্যাম্পিয়ন্স লিগ জেতার দল গড়তে পারেনি ম্যানেজমেন্ট: লিসান্দ্রো মার্তিনেজ

লিসান্দ্রো মার্তিনেজ
লিসান্দ্রো মার্তিনেজ | ছবি: সংগৃহীত
0

চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচের পর রীতিমতো বোমা ফাটিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা লিসান্দ্রো মার্তিনেজ। দলবদল নীতি, টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব নিয়ে সরাসরি মন্তব্য করে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন এই ডিফেন্ডার। ম্যান ইউনাইটেডের সাবেক ফুটবলারদের মাঝেও দেখা গেছে তীব্র প্রতিক্রিয়া।

একই রাতে দুবার সরাসরি নিজ দলের বিপক্ষেই রীতিমতো বোমা ফাটিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে দুই-শূন্য গোলে হারের পর বিশ্বকাপ জয়ী তারকার মন্তব্য, চ্যাম্পিয়ন্স লিগে জেতার মতো দলই নাকি গড়তে পারেনি ইউনাইটেডের টিম ম্যানেজমেন্ট।

মাইকেল ক্যারিক দায়িত্ব নেয়ার পর গত মৌসুমের মাঝপথ থেকেই উড়ন্ত ছন্দে ছিল রেড ডেভিলরা। কিন্তু নতুন মৌসুমের শুরুতেই বাস্তবতা যেন আঘাত করেছে ওল্ড ট্রাফোর্ডে। ইপিএল কিংবা চ্যাম্পিয়ন্স লিগ কোথাও ছন্দে নেই দলটি। কিঞ্চিৎ ক্ষোভের মাঝেই লিসান্দ্রো বললেন, আমি আরো বেশি কিছু আশা করছিলাম। প্রশ্ন তুলেছেন টেকনিক্যাল ডিরেক্টরকেও।

ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ বলেন, ‘সত্যি বলতে টেকনিক্যাল ডিরেক্টরের কাছ থেকে আরো বেশি প্রত্যাশা করি। আমি তাই মনে করি। একই সঙ্গে খেলোয়াড় হিসেবেও আমাদের ভালো করতে হবে। প্রতিবন্ধীদের সঙ্গে পাল্লা দিতে আর ইউরোপের শিরোপা লড়াইয়ে থাকতে হলে আমাদের ভালো করতে হবে। আপনি বছর বছর কোচ বদলাতে পারেন না। ক্লাবের বাকি জায়গাগুলোর অবস্থা আসলে কেমন। কোচ বা খেলোয়াড়দের দিকে আঙুল তোলা খুবই সহজ। কিন্তু আমাদের অন্যান্য দিকেও তাকাতে হবে।’ 

ক্লাব নিয়ে এমন মন্তব্যের পর কোচ মাইকেল ক্যারিককেও সংবাদ সম্মেলনে শুনতে হয়েছে প্রশ্ন। তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখালেও সাবেক এই মিডফিল্ডারের কথাতে স্পষ্ট, সময়টা ভালো যাচ্ছে না ইউনাইটেডের ড্রেসিংরুমে।

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ, মাইকেল ক্যারিক বলেন, ‘সামনে এগিয়ে যাওয়া এবং সেদিকেই লক্ষ্যস্থির রাখা এই মুহূর্তে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দলের মাঝে হতাশা আছে। আমি নিজেও বেশ কিছু বিষয়ে খুবই হতাশ। একইভাবে দল হিসেবে ছেলেরাও হতাশার মাঝে আছে।’ 

এদিকে, কিছুটা যৌক্তিক হলেও লিসান্দ্রো মার্টিনেজের এমন মন্তব্য বাড়াবাড়ি বলে উল্লেখ করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড এবং ইংল্যান্ড কিংবদন্তি ওয়েন রুনি। ক্লাবের জন্য নিবেদিত হলেও লিসান্দ্রোর মন্তব্য সতীর্থদের জন্য অপমানজনক বলে মনে করেন ক্লাবের সর্বোচ্চ গোলদাতা রুনি। একই রকমের মন্তব্য করে লিভারপুল কিংবদন্তি জেমি ক্যারাঘার প্রশ্ন তুলেছেন খোদ লিসান্দ্রোর খেলার ধরন নিয়ে। ক্লাব নিয়ে এমন মন্তব্যের অধিকারও আর্জেন্টাইন ডিফেন্ডারের নেই, এমনই মত ক্যারাঘারের।

এএম