বিশ্বকাপে নিজেদের গ্রুপের সেরা হয়েই নকআউটে পা রেখেছে ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল এবং আর্জেন্টিনা। নিজ নিজ ম্যাচে জয় পেলে সেমিফাইনালে দেখা যাবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের সুপার ক্লাসিকো। তবে, তার আগে তিন নকআউট ম্যাচে জয়ের চ্যালেঞ্জ দুই দলের সামনে। তাতে কার পথ কতটা কঠিন, সেটাই এখন ভক্তদের আগ্রহের তুঙ্গে।
রাউন্ড অফ ৩২-এর লড়াইয়ে আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ জানাবে কেপ ভার্দে। নবাগত এই দলটি এরইমাঝে স্পেন এবং উরুগুয়েকে আটকে দিয়ে বৈশ্বিক এই টুর্নামেন্টের শিরোনামে পরিণত হয়েছে। বাছাইপর্ব থেকে অজেয় কেপ ভার্দের বিপক্ষে গোল আদায় করাই আর্জেন্টিনার বড় চ্যালেঞ্জ। আর সেই বাধা পার করতে পারলে ইরান এবং অস্ট্রেলিয়া ম্যাচের বিজয়ী দলের সঙ্গে রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা।
আরও পড়ুন:
কোয়ার্টার ফাইনালে হতে পারে মেসি-রোনালদো দ্বৈরথ। পর্তুগাল নিজ গ্রুপে সেরা হয়ে নকআউটের দুই ম্যাচ জিতলে আর্জেন্টিনা-পর্তুগাল ম্যাচ দেখা যাবে ৪নং কোয়ার্টার ফাইনালে। তবে পর্তুগাল ছাড়াও এই ব্র্যাকেটে চ্যালেঞ্জ জানাতে পারে কলম্বিয়া, ক্রোয়েশিয়া কিংবা সুইজারল্যান্ডের মতো দল।
ব্রাজিলকে শুরুতেই মোকাবেলা করতে হচ্ছে জাপানকে। নেদারল্যান্ডস এবং সুইডেনকে আটকে দেয়া ব্লু সামুরাইরা হতে পারে ব্রাজিলের জন্য বড় প্রতিপক্ষ। সেই ম্যাচ জয় পেলে সামনে থাকবে আইভরিকোস্ট এবং নরওয়ে ম্যাচের বিজয়ী দল। কোয়ার্টার ফাইনালে আবার বড় পরীক্ষা থাকবে নেইমারদের সামনে। সবকিছু ঠিক থাকলে ইংল্যান্ডের মতো বড় প্রতিপক্ষের সামনে পড়তে হবে তাদের।
তবে, ইংল্যান্ড ছাড়াও তৃতীয় সেরা যেকোনো দলও চ্যালেঞ্জ জানাতে পারে ব্রাজিলকে। আর সেইসব বাধা টপকালেই কেবল ১২ বছর পর ব্রাজিলকে দেখা যাবে বিশ্বকাপের সেরা চারের লড়াইয়ে।





