পরিবেশ দূষণ ও অনিয়মিত জীবনযাত্রায় বাড়ছে বন্ধ্যাত্ব: ব্যয়বহুল চিকিৎসায় ভোগান্তিতে রোগীরা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি : এখন টিভি
0

পরিবেশ দূষণ, অস্বাস্থ্যকর কর্ম-পরিবেশ, অনিয়ন্ত্রিত জীবনযাপনে বাড়ছে বন্ধ্যাত্ব। দেশে ঠিক কত সংখ্যক দম্পতি এ সমস্যা ভুগছে তার সঠিক কোনো পরিসংখ্যান না থাকলেও প্রতি পাঁচ দম্পতির একজন এ সমস্যায় ভুগছে। চিকিৎসায় ও টেস্টটিউব পদ্ধতিতে সন্তান জন্মদানে সক্ষম হলেও দীর্ঘমেয়াদী চিকিৎসা অনেক ব্যয়বহুল হওয়ায়, সম্ভব হয় না অনেক পরিবারের। এ অবস্থায় সরকারি পর্যায়ে এর পরিধি বৃদ্ধির দাবি ভুক্তভোগী পরিবারগুলোর।

বিয়ের ছয় বছরে দুইবার গর্ভপাত, তৃতীয়বার গর্ভধারণের আগেও নানা জটিলতা। ডায়াবেটিস, থাইরয়েডসহ নিয়মিত চিকিৎসা নিতে হয় মোহাম্মদপুর ইনফার্টিলিটি সেন্টারে আসা জান্নাতুল ফেরদৌসকে।

জান্নাতুল ফেরদৌস বলেন, প্রেগন্যান্সিতে আসলে ডায়াবেটিস, থাইরয়েড—এটা খুবই নরমাল ম্যাম বলে। যেহেতু আমার হাইপোথাইরয়েড ধরা পড়ছে, তো আমি ওষুধ খাওয়ার পর আলহামদুলিল্লাহ ভাল আছি, সবকিছু নরমাল আছে।

প্রতিমাসে অন্তত ছয়শো রোগী আসেন সরকারি এই সেন্টারে। বিশেষজ্ঞরা বলছেন প্রতি পাঁচটি দম্পতির মধ্যে একটি দম্পতি ভুগছেন স্বাভাবিক গর্ভধারণে সমস্যায়। এমন অবস্থায় গত কয়েকবছরে সরকারি হাসপাতালের সঙ্গে রাজধানীজুড়ে বাড়ছে ইনফার্টিলিটি সেবা কেন্দ্রের সংখ্যাও।

এসব সেন্টারে গেলে দেখা যায় মা-বাবা হবার আকাঙ্ক্ষায় ভিড় বাড়ছে, তবে দীর্ঘ মেয়াদী এই চিকিৎসা নিতে গিয়ে হিমশিম অবস্থা হয় একেকটি পরিবারের। দেশে টেস্টটিউব পদ্ধতি চালু পুরো প্রক্রিয়াটিও একটি জটিল ও ব্যয়বহুল প্রক্রিয়া। সেন্টার ভেদে খরচ কমপক্ষে তিন থেকে ৫ লাখ টাকা।

স্বাভাবিক গর্ভধারণের প্রক্রিয়া ব্যাহত হবার কারণ হিসেবে চিকিৎসকরা বলছেন, নারীদের এন্ডোমেট্রিওসিস, দীর্ঘ মেয়াদী সংক্রমণ, বেশি বয়সে সন্তান গ্রহণ, থাইরয়েড, মানসিক অবসাদ, পরিবেশ দূষণের প্রভাব, কর্মস্থলে অতিরিক্ত তাপমাত্রা।

মোহাম্মাদপুর ইনফার্টিলিটি সেন্টারের সিনিয়র কনসালটেন্ট ডা. রহিমা খাতুন বলেন, ফাউল স্মেলিং ভেজাইনাল ডিসচার্জ, পেলভিক পেইন, লো ব্যাক পেইন—এগুলো কিন্তু ইনফেকশনের হিস্ট্রি, মানে সাজেস্টিভ অব টিউবাল ব্লক। বা অনেকের ছোট বয়সে, অনেক সময় দেখা যায় ১৫-১৬ বয়সে তার একটা পেলভিক সার্জারি হলো। মানে কোনো সিস্টের অপারেশন। আমাদের যে সাবকন্টিনেন্ট যেটা, এখানে টিভির প্রিভ্যালেন্সটাও বেশি, প্রায় এবাউট ১০ পার্সেন্ট ইনফার্টিলিটি পেশেন্টের ক্ষেত্রে। এজন্য টিভির ইভালুয়েশনটাও দরকার।

তবে বিশেষজ্ঞরা বলছেন, ত্রিশ বছরের আগে প্রথম সন্তান না হলে দেখা দেয় নানা জটিলতা। তবে নিয়মিত চিকিৎসা, পরিমিত পুষ্টিকর খাবার গ্রহণ, কায়িক পরিশ্রম করলে এ জটিলতা এড়ানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ড্রিম ইনফার্টিলিটি সেন্টারের সিনিয়র কনাসলট্যান্ট ডা. অনুকা রায় বলেন, এন্ডোমেট্রিওসিস, এডেনোমায়োসিস, তারপর হচ্ছে ফাইব্রয়েড ইউটেরাস—এই সমস্যাগুলি খুব পাওয়া যায়। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নাই। তারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, তারা অনলাইনে অর্ডার দিয়ে খাবারদাবার খায় যার জন্য তাদের ওজন বেড়ে যায়, হরমোনাল ইমব্যালেন্স। ওজনের সাথে হরমোনাল ব্যালেন্সের একটা সম্পর্ক থাকে, সেখানে তারা সমস্যায় পড়ে।

গর্ভধারণে জটিলতা ৪০ শতাংশ ক্ষেত্রে নারীর সঙ্গে পুরুষেরও জটিলতা থেকে হতে পারে। তবে সময়মতো চিকিৎসা করা গেলে জটিলতা এড়ানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ইএ