Recent event

টাঙ্গাইলে দুই ভাইয়ের ইতিহাস; নেপথ্যে স্থানীয় জনপ্রিয়তা

আব্দুস সালাম পিন্টু ও সুলতান সালাউদ্দিন টুকু
আব্দুস সালাম পিন্টু ও সুলতান সালাউদ্দিন টুকু | ছবি: এখন টিভি
2

টাঙ্গাইলের রাজনৈতিক অঙ্গনে পৃথক আসন থেকে আব্দুস সালাম পিন্টু ও সুলতান সালাউদ্দিন টুকু সংসদ সদস্য নির্বাচিত হয়ে এক ইতিহাস সৃষ্টির পাশাপাশি আবেগের গল্প হয়ে উঠেছে। দেশের আলোচিত দুই ভাই সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় পরিবার, কর্মী-সমর্থক এবং স্থানীয়দের মাঝে বইছে আনন্দের বন্যা। বিজয়ের পর তাদের বাড়িতে চলছে উৎসবের আমেজ মিষ্টি বিতরণ, শুভেচ্ছা আর অভিনন্দনে মুখর পুরো এলাকা।

গতকাল (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা শরীফা হক তার সভাকক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

শরীফা হক জানান, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু ধানের শীষ প্রতীকে এক লাখ ৯৮ হাজার ২১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম জামায়াতে ইসলামীর প্রার্থী পেয়েছেন ৬০ হাজার ৮৭৯ ভোট। আর টাঙ্গাইল-৫ (সদর) আসনে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ধানের শীষ প্রতীকে পেয়েছেন এক লাখ ৩১ হাজার ২৭৯ ভোট। তার নিকটতম জামায়াতে ইসলামীর প্রার্থী আহসান হাবীব মাসুদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ২৮৩ ভোট।

নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই দুই ভাইয়ের নিজ নিজ এলাকায় সমর্থকদের ঢল নামে। ফুলেল শুভেচ্ছা ও স্লোগানে মুখর হয়ে ওঠে শহর। দুই ভাইয়ের বাড়িতে এখন যেন মানুষের মেলা।

আরও পড়ুন:

স্থানীয়রা বলছেন, এক পরিবারের দুইজনের একসঙ্গে এমপি হওয়া তাদের জন্য গর্বের বিষয়। দুই ভাইয়ের নির্বাচিত হওয়া জেলার উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে মনে করছেন স্থানীয়রা। একই পরিবারের হওয়ায় উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সমন্বয় সহজ হবে বলে আশা তাদের।

স্থানীয়ভাবে দীর্ঘদিনের সাংগঠনিক শক্তি, পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য ও জনপ্রিয়তাই এ যুগল বিজয়ের মূল কারণ। একইসঙ্গে এটি জেলার রাজনৈতিক ইতিহাসে একটি অনন্য ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

টাঙ্গাইল শহরের কাগমারা এলাকার শহিদুল ইসলাম বলেন, ‘রাজধানীর খুব কাছের জেলা টাঙ্গাইল। টাঙ্গাইলে বিগম দিনে খুব একটা টেকসই উন্নয়ন হয়নি। সুলতান সালাউদ্দিন টুকু নির্বাচিত হওয়ায় সার্বিক উন্নয়ন হবে বলে আমরা আশা করছি।’

আরও পড়ুন:

ভূঞাপুর শহরের রাসেল মিয়া বলেন, ‘টাঙ্গাইলের প্রবীণ ও ত্যাগী নেতা আব্দুস সালাম পিন্টু। তার মতো মানুষ আবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় খুব আনন্দিত। তার পরিবারের মানুষও অনেক ভালো। যে কারণে এক পরিবার থেকে দুইজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। জনগণের আস্থা ও প্রত্যাশা পূরণ করাই এখন তাদের প্রধান দায়িত্ব।’

দিকে নির্বাচনে জয় লাভের পর সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘এতদিন যারা আমার জন্য কষ্ট করেছেন ও শ্রম দিয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই বিজয় টাঙ্গাইল সদরের আপামর জনগণের বিজয়। আমি আপনাদের শ্রমের মূল্য হয়তো দিতে পারব না, কিন্তু আগামী দিনে ইনশা আল্লাহ যেকোনো প্রয়োজনে আমাকে পাশে পাবেন।’

তিনি বলেন, ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্ব জনগণ গ্রহণ করেছে। আমি টাঙ্গাইলের জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছি, ইনশা আল্লাহ প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো। দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে টাঙ্গাইলে শান্তি প্রতিষ্ঠা ও একটি আধুনিক টাঙ্গাইল গড়ে তুলবো’

আব্দুস সালাম পিন্টুও তার প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সর্বদা কাজ করে যাওয়ার কথা জানিয়েছেন।

এসএস