জামায়াতের পেজে সূরা বাকারার আয়াত পোস্ট, মন্তব্যে এমপি ইস্যুর ‘ঝড়’

জামায়াতের ফেসবুক পেজের পোস্ট ও লোগো
জামায়াতের ফেসবুক পেজের পোস্ট ও লোগো | ছবি: এখন টিভি
0

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে বিতর্কের মধ্যেই কোরআনের সূরা আল-বাকারা থেকে ২৮৪ নম্বর আয়াতের বাংলা অনুবাদ পোস্ট করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ (মঙ্গলবার, ২১ জুলাই) দলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে বলা হয়, ‘যা কিছু আকাশসমূহে রয়েছে এবং যা কিছু যমীনে আছে, সব আল্লাহরই। যদি তোমরা মনের কথা প্রকাশ কর কিংবা গোপন কর, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। অতঃপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা তিনি শাস্তি দেবেন। আল্লাহ তো সবকিছুর ওপর ক্ষমতাবান।’ — (সূরা আল-বাকারা: ২৮৪)

পোস্টে কোনো ব্যাখ্যা বা প্রেক্ষাপট উল্লেখ করা হয়নি। তবে এটি প্রকাশের পর মন্তব্যের ঘরে নেটিজেনদের ব্যাপক আলোচনা-সমালোচনা দেখা যায়। অধিকাংশ মন্তব্যেই সাম্প্রতিক সময়ে আলোচিত সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে ভাইরাল ভিডিওর প্রসঙ্গ টেনে আনা হয়। যদিও পোস্টটি ওই ঘটনার সঙ্গে সম্পর্কিত কি না, সে বিষয়ে দলটির পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেয়া হয়নি।

এর আগে, মঙ্গলবার (২১ জুলাই) গাজী নজরুল ইসলামকে ঘিরে প্রকাশিত বিভিন্ন সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারণার বিষয়ে বিবৃতি দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, গাজী নজরুল ইসলামকে ঘিরে প্রকাশিত বিভিন্ন খবরের বিষয়ে দলটি নজর রাখছে।

বিবৃতিতে আরও বলা হয়, এ বিষয়ে গাজী নজরুল ইসলামের নিজস্ব বক্তব্য, তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর পিতার ভিডিও বক্তব্য ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। প্রকৃত ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ এবং প্রয়োজনীয় খোঁজখবর নিয়ে সাংগঠনিক নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গাজী নজরুল ইসলামকে ঘিরে ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়ে গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। বিষয়টি নিয়ে বিভিন্ন পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যের পাশাপাশি নতুন তথ্যও সামনে আসছে।

এনএইচ