আজ (শনিবার, ৪ জুলাই) বিকেলে রাজধানীর বাংলামটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি বলেন, ‘গণহত্যাকারীদের দোসরদের বিচার না হওয়ায় তাদের আস্ফালন দিন দিন বৃদ্ধি পাচ্ছে।’
সারজিস আলম বলেন, ‘পদযাত্রার মাধ্যমে স্থানীয় পর্যায়ের সম্ভাব্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হবে।’ একই সঙ্গে সর্বস্তরের নাগরিককে কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।
সারজিস আলম জানান, কর্মসূচির অংশ হিসেবে ৬ জুলাই বিকেল ৪টায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে। একই দিন সন্ধ্যায় সাভার উপজেলায় আরেকটি পদযাত্রা হবে।
৭ জুলাই দক্ষিণাঞ্চলের কক্সবাজারে পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া, ১৫ জুলাই কুড়িগ্রামে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে। ওই সমাবেশ থেকেই 'জাতীয় কৃষক শক্তি'র আত্মপ্রকাশ ঘটবে বলেও জানান তিনি। ১৬ জুলাই রংপুরে জুলাই আন্দোলনের শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন দলটির নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে সারজিস আলম বলেন, ‘নিষিদ্ধ আওয়ামী লীগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বাস্তব প্রতিফলন দেখতে চায় এনসিপি।’
তিনি অভিযোগ করেন, জুলাইয়ের খুনের ঘটনায় জড়িতদের সহযোগীদের বিচার এখনো নিশ্চিত না হওয়ায় তাদের কেউ কেউ আবার প্রকাশ্যে এসে জুলাই আন্দোলন নিয়ে উসকানিমূলক কথা বলছেন।





