ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে বিপিসির নতুন সময়সূচি

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন | ছবি: সংগৃহীত
0

দেশের ফিলিং স্টেশন ও পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে ডিপো থেকে তেল খালাসের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে উদ্ভূত সংকট মোকাবিলায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ (শনিবার, ২৮ মার্চ) বিপিসি সচিব শাহিনা সুলতানার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির ফলে সৃষ্ট সংকট মোকাবিলায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসির নির্দেশনা অনুযায়ী বিপণন কোম্পানিগুলোর মাধ্যমে সারা দেশে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি পণ্যের সরবরাহ কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুন:

এ প্রেক্ষাপটে দেশের সব ফিলিং স্টেশন, পড পয়েন্ট, ডিলার ও পাম্পগুলোতে জ্বালানি পণ্য সরবরাহ নিশ্চিত করতে বিপিসির অধীনস্থ প্রধান স্থাপনা ও ডিপোগুলো থেকে পণ্য সরবরাহের নতুন সময় নির্ধারণ করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়, এখন থেকে প্রধান স্থাপনা ও ডিপোগুলো থেকে জ্বালানি পণ্য সরবরাহ কার্যক্রম প্রতিদিন সকাল ৭টায় শুরু হবে এবং শেষ হবে বিকেল ৩টায়।

সারাদেশের জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিপিসি।

এএইচ