Recent event

বাংলাদেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি

ভোট দিচ্ছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন
ভোট দিচ্ছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন | ছবি: এখন টিভি
0

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আজকের ঐতিহাসিক ভোটগ্রহণের শুভ সূচনার মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় রাজধানীর ইস্কাটনে অবস্থিত ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, ‘আমরা ইনশা আল্লাহ এ পর্যন্ত জনগণের সহযোগিতায় সব চ্যালেঞ্জ মোকাবিলা করে এসেছি। ভবিষ্যতেও কোনো চ্যালেঞ্জ এলে তা আমরা যথাযথভাবে মোকাবিলা করব। আমি অত্যন্ত আনন্দিত যে, বাংলাদেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে। বাংলাদেশ যে গণতন্ত্রের পথে রওনা দিয়েছে, গণতন্ত্রের ট্রেন ইনশা আল্লাহ স্টেশনে পৌঁছাবে—এটি আমার দৃঢ় বিশ্বাস।’

তিনি আরও বলেন, ‘আমি ওয়াদা করেছিলাম যে উৎসবমুখর পরিবেশে একটি সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেব। আপনারা দেখেছেন, এই কয়দিনে মানুষ ঈদের দিনের মতো, ঈদুল ফিতর বা ঈদুল আযহার মতো উৎসবমুখরভাবে ভোট দিতে কেন্দ্রগুলোতে গেছে। গ্রামেগঞ্জের মানুষও আনন্দমুখর হয়ে ভোট দিতে এসেছে। দীর্ঘদিন পরে ভোটের এই পরিবেশ তাদের জন্য অত্যন্ত উত্তেজনাপূর্ণ।’

সিইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘২০২৬ সালের এটি দেশের সবচেয়ে বড় নির্বাচন। গতকাল বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছি, তারা আমাদের কাজ দেখে অত্যন্ত আনন্দিত। প্রায় ১৭ লাখ লোক নির্বাচন কাজে নিয়োজিত। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনকে প্রশিক্ষণ দিয়ে, ইলেকশন-ওরিয়েন্টেড ট্রেনিংয়ের মাধ্যমে সবাইকে একযোগে কাজে লাগানো হয়েছে—এটি এক বিশাল কর্মযজ্ঞ।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘আমি পূর্বে বলেছিলাম, এ দেশে আর কোনো পাতানো নির্বাচন হবে না। কেন্দ্র দখল বা ভোট বাক্স দখলের ইতিহাস আমরা ভুলে যাব। এবার শুধু সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে।’

নির্বাচন উপলক্ষে তার ব্যক্তিগত প্রত্যাশা সম্পর্কে সিইসি বলেন, ‘আমার বয়স ৭৪ বছর, আমার এই বয়সে আর কোনো ব্যক্তিগত চাওয়া বা পাওয়ার নেই। আমরা চাইছিলাম জাতির এই ক্রান্তিকালে শেষ একটি অবদান রাখতে—জাতির জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আল্লাহ তাআলা আমাকে সেই দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছেন, বাকিটা ইনশা আল্লাহ সুন্দরভাবে সম্পন্ন হবে। আমার এই আস্থা রয়েছে।’

তিনি জানান, বিভিন্ন স্থানে অল্প কিছু সমস্যা দেখা দিলেও সঙ্গে সঙ্গে তা সমাধান করা হয়েছে। সাংবাদিকদের উদ্দেশে সিইসি বলেন, ‘আমরা সত্য তথ্য দিয়ে অপতথ্য মোকাবিলা করছি। অনুগ্রহ করে সংবাদ প্রচারের আগে তথ্য যাচাই করবেন। আমাদের একমাত্র লক্ষ্য সুষ্ঠু নির্বাচন—অন্য কোনো উদ্দেশ্য নেই। আজ সকালে দেখেছি গ্রামেগঞ্জে মহিলা ভোটাররা দলবেঁধে সকাল থেকেই কেন্দ্রে এসেছেন। তরুণ ভোটাররাও উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে উপস্থিত হয়েছেন। এ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের প্রতি আস্থা পুনরায় ফিরে আসবে।’

এনএইচ