ফরিদপুর ও রাজবাড়ীতে নতুন দুই শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন করলেন সেনাপ্রধান

শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন করছেন সেনা প্রধান
শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন করছেন সেনা প্রধান | ছবি: আইএসপিআর
0

ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুল (এমসিএসএফ) এবং রাজবাড়ীতে সেনা পাবলিক স্কুল ও কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

দেশের শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী তার সূচনালগ্ন থেকেই মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, মানবসম্পদ গঠন এবং সুশিক্ষিত, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

এরই ধারাবাহিকতায়, জ্ঞান, শৃঙ্খলা, দেশপ্রেম, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক গড়ে তোলার লক্ষ্যে মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনার (এমসিএসকে) আদলে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর (এমসিএসএফ) প্রতিষ্ঠিত হয়েছে।

একইসঙ্গে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের জন্য আধুনিক, মানসম্মত ও যুগোপযোগী শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে সেনা পাবলিক স্কুল ও কলেজ রাজবাড়ী প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিষ্ঠান দুইটি এই অঞ্চলের শিক্ষার্থীদের জন্য একটি সুশৃঙ্খল, নিরাপদ, আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সামগ্রিক শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করা যায়।

উদ্বোধন অনুষ্ঠানসমূহে সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল; জেনারেল অফিসার কমান্ডিং, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া; সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার উর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, বিভিন্ন পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ; স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠানসমূহের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দসহ আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।

এএইচ