আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন | ছবি: এখন টিভি
0

শুধু আইন করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, আইনকে সামাজিকভাবে গ্রহণযোগ্য করতে হবে এবং আইনের সঠিক প্রয়োগ সুনিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন। ​আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ফারজানা শারমিন বলেন, ‘শুধু আইন করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আইনকে সামাজিকভাবে গ্রহণযোগ্য করতে হবে এবং আইনের সঠিক প্রয়োগ সুনিশ্চিত করতে হবে। একইসঙ্গে কোনো অপরাধী যেন পার না পায় এবং কোনো নিরপরাধ মানুষ যেন অবিচারের শিকার না হয়—সেদিকে খেয়াল রাখতে হবে। আর এর জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন, বর্তমান সরকার ঠিক সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।’

আরও পড়ুন:

​মহাসড়কের পাশে চোরাই পণ্য ও জ্বালানি তেল কেনাবেচার ব্যাপারে মন্ত্রী কঠোর হুঁশিয়ারি ব্যক্ত করে বলেন, ‘যেকোনো ধরনের চোরাচালান, অনৈতিক কর্মকাণ্ড, দুর্নীতি ও চাঁদাবাজি নির্মূলে পর্যায়ক্রমে যা যা করণীয়, সরকার তার সবই করবে।’

​সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এবং বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তারাসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএস