সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

জামালপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
জামালপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা | ছবি: এখন টিভি
0

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়ে সারের কৃত্রিম সংকট তৈরিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, ‘যারা সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করবে, সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’

আজ (রোববার, ১৩ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘এই অঞ্চলের ৮০ ভাগ জমিতে সারের প্রয়োজন আছে। কিন্তু আমি জানি, যারা বর্তমানে সারের ডিলার রয়েছে, তারা ভিন্ন মতের অন্য একটি রাজনৈতিক দলের লোক, তারপরও আমরা তাদের সঙ্গে বসেছি।’

আরও পড়ুন:

ইয়াসের খান চৌধুরী বলেন, ‘আমি সাংবাদিকদের অভিভাবক নই, আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা এমনকি জেলা পর্যায়ে যারাই আর্থিক সহযোগিতা চান, আমরা সহযোগিতা দেই। আমাদের যে বরাদ্দ ৬ কোটি টাকা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য আছে, সেটা বাড়িয়ে ২৫ কোটি করার জন্য আমি এরই মধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি এবং নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে ২৫ কোটি টাকা দেয়া হবে। তবে এই বছর দেয়া যাবে কি না, সেই বিষয়ে পর্যালোচনা চলছে। এই বছর যদি পুরোটা নাও হয় আগামী বছর পুরোটা হবে বলে বিশ্বাস করি।’

জেলা প্রশাসক মো. ইউসুপ আলীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৪ আসনের ফরিদুল কবীর তালুকদার শামীম, জামালপুর-৩ আসনের মোস্তাফিজুর রহমান বাবুল ও জামালপুর-২ আসনের এ.ই সুলতান মাহমুদ বাবুসহ আরও অনেকে।

এসএইচ