মহাখালীতে ভবনের আগুন নিয়ন্ত্রণে

মহাখালীতে ভবনের আগুন
মহাখালীতে ভবনের আগুন | ছবি: সংগৃহীত
0

রাজধানীর মহাখালীতে একটি পুরনো চারতলা ভবনে আগুন লাগার পর ফায়ার সার্ভিস কর্মীরা তা নিয়ন্ত্রণে এনেছেন। আজ (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) দুপুরে এ আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে এসকে শপিং মলের পেছনে ব্রিটিশ আমেরিকান টোবাকোর পুরনো ভবনের পাশে ওই ভবনে আগুন লাগার খবর পান তারা।

ভবনটির ছাদে পরিত্যক্ত প্লাস্টিকের মালামাল রাখা ছিল। সেখানেই আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে ওঠা কালো ধোঁয়ার কুণ্ডলী বহু দূর থেকেও দেখা যায়।

পরে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বেলা পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এসএস