রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে ইসি

রাষ্ট্রপতি ও নির্বাচন কমিশনার
রাষ্ট্রপতি ও নির্বাচন কমিশনার | ছবি: সংগৃহীত
0

গত ২১ আগস্ট শপথ নিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বঙ্গভবনে গেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। নতুন রাষ্ট্রপতির সঙ্গে ইসির এটাই প্রথম সাক্ষাৎ।

আজকের (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) এ সাক্ষাতে সিইসি ছাড়াও নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ বর্তমানে দেশের বাইরে আছেন।

গত ২০ অগাস্ট সংসদ ভবনে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হন; পরদিন ২১ অগাস্ট সন্ধ্যায় শপথ নিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন তিনি।

স্থানীয় সরকারমন্ত্রী এবং ক্ষমতাসীন দল বিএনপির মহাসচিবের পদ ছেড়ে রাষ্ট্রপ্রধান হয়েছেন এই জ্যেষ্ঠ রাজনীতিক।

এদিকে বর্তমান ইসি নিয়োগ পায় ২০২৪ সালের নভেম্বরে। ২০২৫ সালে ডিসেম্বরে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে তৎকালীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে ভোটের আগে সার্বিক প্রস্তুতি তুলে ধরে এই কমিশন।।

এ ইসির অধীনে ত্রয়োদশ ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন হয়েছে; এরপর মে সাসে সংরক্ষিত নারী আসনের ভোট হয়েছে। সবশেষ রাষ্ট্রপতি নির্বাচন করে ইসি।

সাংবিধানিক সংস্থাটির দায়িত্ব পেয়েই ভোটার তালিকা, সীমানা নির্ধারণ, সংসদ নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচন শেষ করেছে ইতোমধ্যে। সামনে ধাপে ধাপে স্থানীয় সরকারের নির্বাচন করবে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছিলেন, ‘বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে এটা আমাদের সৌজন্য সাক্ষাৎ। নির্বাচনসহ সার্বিক বিষয়ে তিনি আমাদের কাছে হয়ত জানতে চাইবেন; আমরা কাযক্রম অবহিত করব।’

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে এরই মধ্যে বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন তিনবাহিনী প্রধান ও প্রধান বিচারপতি। এবার নির্বাচন কমিশনের সাক্ষাৎ হচ্ছে।

জেআর