ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী | ছবি: এখন টিভি
0

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিবের পদ থেকে পদত্যাগ করায় তার স্থলাভিষিক্ত হলেন দীর্ঘদিনের পরীক্ষিত এই নেতা।

আজ (বৃহস্পতিবার, ২০ আগস্ট) সন্ধ্যায় বিএনপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় গঠনতন্ত্রের ৭ (খ) ৬ ধারা অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। তার এ মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর বৃহস্পতিবার বিএনপির মহাসচিবের পদ থেকে লিখিতভাবে পদত্যাগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপরই রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেয়া হয়।

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করার পর থেকেই তার ছেড়ে দেয়া মহাসচিবের পদে কে আসবেন, তা নিয়ে দলের ভেতরে আলোচনা চলছিল। একাধিক জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতাসম্পন্ন রিজভীর ওপরই আস্থা রাখলো বিএনপি।

ছাত্রদল থেকে কেন্দ্রীয় নেতৃত্বে

ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি রুহুল কবির রিজভী দীর্ঘদিন ধরে বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয়। দলের সাংগঠনিক কর্মকাণ্ড, কেন্দ্রীয় কার্যালয় পরিচালনা এবং রাজনৈতিক কর্মসূচিতে তার ভূমিকা রয়েছে। তিনিই দলের প্রথম মহাসচিব, যিনি ছাত্রদলের সভাপতি ছিলেন।

বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সময়ে নানা প্রতিকূলতার মধ্যেও দলীয় কর্মসূচি এবং গণমাধ্যমে বিএনপির অবস্থান তুলে ধরার ক্ষেত্রে তিনি ছিলেন সামনের সারির নেতা। একপর্যায়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে টানা প্রায় দুই মাস অবস্থান করেও নিয়মিত সংবাদ সম্মেলন ও দলীয় কার্যক্রম চালিয়ে যান তিনি।

দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং রাজনৈতিক কর্মসূচি পরিচালনার ক্ষেত্রেও রিজভীর ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল বলে দলীয় সূত্রে জানা গেছে।

দলের সাংগঠনিক কার্যক্রমে দীর্ঘদিনের সম্পৃক্ততা এবং কেন্দ্রীয় কার্যালয়কেন্দ্রিক কর্মকাণ্ডে তার অভিজ্ঞতাই ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে তাকে বেছে নেয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে বলে সূত্রগুলো জানিয়েছে।

মির্জা ফখরুলের উত্তরসূরি রিজভী

বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিএনপির মহাসচিব হিসেবে দীর্ঘ রাজনৈতিক অধ্যায়েরও অবসান হলো।

২০১১ সালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব নেন মির্জা ফখরুল। পরে ২০১৬ সালের জাতীয় কাউন্সিলে তিনি দলের মহাসচিব নির্বাচিত হন। এরপর দীর্ঘ সময় ধরে বিএনপির অন্যতম প্রধান মুখ হিসেবে দলকে নেতৃত্ব দিয়ে আসছিলেন তিনি।

মহাসচিব হওয়ার আগে মির্জা ফখরুলও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেন। একই পদে দায়িত্ব পালনের পর রুহুল কবির রিজভীও এবার ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেলেন।

তবে রিজভীর এই দায়িত্ব গ্রহণকে আপাতত অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবেই দেখা হচ্ছে। চলতি বছর বিএনপির জাতীয় কাউন্সিল আয়োজনের পরিকল্পনা রয়েছে। কাউন্সিলের মাধ্যমে দলের পূর্ণাঙ্গ মহাসচিব নির্বাচন হতে পারে।

এদিকে, রাষ্ট্রপতি নির্বাচনের পর বিএনপির দলীয় কাঠামো এবং সরকারের বিভিন্ন দায়িত্বে পরিবর্তনের আলোচনা আগে থেকেই চলছিল। মির্জা ফখরুলের মহাসচিব পদের শূন্যতা পূরণের মধ্য দিয়ে সেই প্রক্রিয়ায় প্রথম গুরুত্বপূর্ণ পরিবর্তনটি এলো।

এখন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের উত্তরসূরি কে হচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

জেআর

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!