‘জ্বালানি নীতিমালায় কোনো গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেয়ার সুযোগ নেই’

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ | ছবি: এখন টিভি
0

প্রস্তাবিত জ্বালানি নীতিমালায় কোনো গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেয়ার সুযোগ নেই বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। আজ (শনিবার, ৮ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেকের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দেশে নিরবিছিন্ন ও নিরাপদ জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে ‘বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানি-পূর্বক সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা, ২০২৬’-এর একটি খসড়া প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত নীতিমালা প্রণয়নের মূল উদ্দেশ্য হলো দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা ও নিরবিচ্ছিন্ন সরবরাহ ব্যবস্থা বজায় রাখা।

এছাড়াও আরও বলা হয়, একটি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে জরুরি বা সংকটকালীন পরিস্থিতিতে বিদ্যমান সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতের অবকাঠামো ও বিনিয়োগ সক্ষমতাকে জাতীয় স্বার্থে ব্যবহার করা, এই নীতিমালার লক্ষ্য। জ্বালানি খাত সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত ও পরামর্শ গ্রহণ করে নীতিমালাটি চূড়ান্ত করা হবে। জনস্বার্থ, জ্বালানি নিরাপত্তা, প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হলেই এ ধরনের নীতিমালা প্রণয়নের বিষয়টি বিবেচনা করা হবে। কাজেই এই নীতিমালার মাধ্যমে কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেয়ার সুযোগ নেই বলে জানিয়েছে জ্বালানি বিভাগ।

সম্প্রতি প্রস্তাবিত এই নীতিমালা নিয়ে কিছু গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় অনুমান নির্ভর ও অসত্য তথ্য প্রকাশ করা হচ্ছে, যা অনভিপ্রেত। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করা হলো।

ইএ