আজ (সোমবার, ২৭ জুলাই) এক সংবাদ সম্মেলন করে ডিবি প্রধান জানান, ডিস বাবুকে হত্যার জন্য ২৫ লাখ টাকা চুক্তিতে ৪ জন সুটার ভাড়া করেছিলেন সিএনজি হাফিজ। হত্যার পরিকল্পনা অনুযায়ী আগেই পল্লবীতে থাকা ডিস বাবুর অফিস ও ব্যক্তিকে সনাক্ত করে শুটার গ্রুপ। ঘটনার দিন কিলিং মিশনে অংশ নেয়া ১ জন জনতার হাতে আটকের পর ছায়া তদন্ত শুরু করে ডিবি।
শুক্রবার (২৪ জুলাই) রাত কাফরুল থানাধীন ওপেক্স গার্মেন্টসের দক্ষিণ পাশে লিংক রোডের মাথায় কয়েকজন অস্ত্রধারীর ছোড়া গুলিতে যুবদল কর্মী মো. ইউসুফ, সবজি বিক্রেতা নালাম সরদার ও মো. মনির হোসেন গুলিবিদ্ধ হন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. ইউসুফকে মৃত ঘোষণা করেন। আহত নালাম সরদার ও মনির হোসেন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মামলার পরপরই ডিএমপির গোয়েন্দা মিরপুর বিভাগ ও কাফরুল থানা পুলিশ তদন্ত শুরু করে।
তদন্তের ধারাবাহিকতায় গোয়েন্দা মিরপুর বিভাগের একটি টিম মিরপুর এলাকা থেকে মো. নাহিদ হাসান ও মো. শাফিন আহমেদকে গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মাগুরা জেলার শালিখা থানাধীন আড়পাড়া এলাকা থেকে জিয়ারুল এবং মিরপুর এলাকা থেকে মো. আলী হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ৪ জন শুটারসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে ডিবি। ঘটনায় অংশ নিয়েছে মোট ১১ জন।





