গাজী নজরুলের এমপি পদ বাতিল চেয়ে ইসিতে চিঠি দেবে জামায়াত

গাজী নজরুল ইসলাম, সংসদ ভবন
গাজী নজরুল ইসলাম, সংসদ ভবন | ছবি: সংগৃহীত
0

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় সংগঠন থেকে বহিষ্কারের পর এবার গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ (বুধবার, ২২ জুলাই) জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এখন টিভিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে বৃহস্পতিবার (২৩ জুলাই) নির্বাচন কমিশনে চিঠি দেবে জামায়াত।

উল্লেখ্য, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২-এর ১২(১) ধারায় সংসদ সদস্য থাকার অযোগ্যতা সম্পর্কে বলা হয়েছে। ওই ধারায় বলা আছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কর্তৃক মনোনীত না হলে বা স্বতন্ত্র প্রার্থী হওয়ার শর্ত পূরণ করতে না পারলে তার সংসদ সদস্য পদ থাকবে না।

এর আগে, নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াতে ইসলামীর জরুরি বৈঠকে গাজী নজরুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

সংগঠনটি ফেসবুকে একটি পোস্টে জানায়, সম্প্রতি সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সেসব বিষয়ের ওপর ভিত্তি করে পরিচালিত সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলনের বিষয়টি প্রমাণিত হয়। এর প্রেক্ষিতে সংগঠনের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বহিষ্কারের পর গাজী নজরুল ইসলাম সংসদ সদস্য পদও হারাবেন কি না, তা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই নির্বাচন কমিশনে চিঠি দিচ্ছে জামায়াত।

গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সাতক্ষীরা-৪ আসন থেকে নির্বাচিত হন ৭৬ বছর বয়সী গাজী নজরুল ইসলাম।

সম্প্রতি এক তরুণীর সঙ্গে তার একটি ‘আপত্তিকর’ ভিডিও ভাইরাল হয়। এরপর বিষয়টি নিয়ে সাংগঠনিকভাবে তদন্ত করে জামায়াত। সংগঠনটি জানিয়েছে, তদন্তে তার নৈতিক স্খলনের বিষয়টি প্রমাণিত হয়েছে। এর ভিত্তিতে গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।

এনএইচ