বিসিএসপিএস ভবন উদ্বোধন করলেন বিমান বাহিনী প্রধান

বিসিএসপিএস ভবন উদ্বোধন
বিসিএসপিএস ভবন উদ্বোধন | ছবি: আইএসপিআর
0

বাংলাদেশ সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজ (বিসিএসপিএস) ভবনের স্মারক ফলক উন্মোচন করেছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। আজ (সোমবার, ২০ জুলাই) ঢাকা সেনানিবাসস্থ বিমানবাহিনী ঘাঁটি বাশারে এ ভবনটি উদ্বোধন করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় তিনি নব উন্মোচিত বিসিএসপিএস ভবনের প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন। পরবর্তীতে, বিমান বাহিনী প্রধান বিসিএসপিএস ভবনের দাপ্তরিক ও অপারেশনাল কার্যক্রমের বিভিন্ন অংশ সরেজমিনে পরিদর্শন করেন।

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি বাংলাদেশ সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজের আনুষ্ঠানিক কার্যক্রম ও ওয়েবসাইট উদ্বোধনের মাধ্যমে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।

প্রতিষ্ঠালগ্ন থেকেই বিমানবাহিনী প্রধানের সার্বিক দিকনির্দেশনায় বিসিএসপিএস আকাশ ও মহাকাশ শক্তি, জাতীয় নিরাপত্তা, কৌশলগত পরিবেশ এবং প্রতিরক্ষা নীতিমালা বিষয়ক গবেষণা ও জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বিমানবাহিনী প্রধান এ ভবন উন্মোচনের মাধ্যমে প্রতিষ্ঠানটির গবেষণা, শিক্ষা ও নীতিনির্ধারণ-সহায়ক কার্যক্রম আরো বেগবান হবে বলে আশা ব্যক্ত করেন।

সম্প্রতি বিসিএসপিএস সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট ১৮৬০ এর অধীনে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসে (আরজেএসসি) নিবন্ধিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, এয়ার অধিনায়ক আকাশ প্রতিরক্ষা পরিচালন কেন্দ্র, বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার ও বাশার এর এয়ার অধিনায়কগণ, বিমান বাহিনী ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের কমান্ড্যান্ট, বিসিএসপিএসের গভর্নিং বডির সদস্যবৃন্দ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এএইচ