চলন্ত গাড়ি থেকে মোবাইল ছিনতাই; ধাওয়া করে ধরলেন ট্রাফিক সার্জেন্ট

আটককৃত ছিনতাইকারী
আটককৃত ছিনতাইকারী | ছবি: সংগৃহীত
0

রাজধানীর পল্লবী থানা এলাকায় চলন্ত গাড়ির যাত্রীর মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় মো. মানিক (২৯) নামের এক ‘পেশাদার ছিনতাইকারীকে’ হাতেনাতে আটক করেছে পুলিশ। আজ (শুক্রবার, ১৯ জুন) দুপুর সোয়া ১২টার দিকে পল্লবী থানাধীন কালশী মোড়ে ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের পল্লবী জোনের পুলিশ সদস্যরা তাকে আটক করেন।

ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ দুপুরেও কালশী মোড়ে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পল্লবী জোনের সার্জেন্ট এম এস মাহমুদ আলি। দুপুর আনুমানিক ১২টা ১৩ মিনিটের দিকে তিনি একটি মাইক্রোবাসের কাগজপত্র যাচাইয়ের জন্য গাড়িটিকে থামার সংকেত দেন।

সার্জেন্ট মাহমুদ যখন মাইক্রো বাসের চালকের সঙ্গে কথা বলছিলেন, ঠিক তখনই তার নজর পড়ে পাশে থাকা অন্য একটি গাড়ির দিকে। তিনি দেখতে পান, একজন ছিনতাইকারী কৌশলে ওই গাড়ির ভেতরে থাকা এক যাত্রীর মোবাইল ফোন টান দিয়ে নিয়ে তীব্র গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে।

পরিস্থিতি বেগতিক দেখে কোনো কালক্ষেপণ না করে তাৎক্ষণিকভাবে ওই ছিনতাইকারীকে লক্ষ্য করে ধাওয়া করেন সার্জেন্ট মাহমুদ আলি। কিছুদূর তাড়া করার পর ছিনতাইকারী মানিককে হাতেনাতে জাপটে ধরতে সক্ষম হন তিনি।

পরবর্তীতে মানিকের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং প্রকৃত মালিকের কাছে তা বুঝিয়ে দেয়া হয়।

আটক ছিনতাইকারী মানিককে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে। ট্রাফিক পুলিশ জানায়, তার বিরুদ্ধে পল্লবী থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেআর