ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

হাজং সম্প্রদায়ের সঙ্গে ডেপুটি স্পিকারের সাক্ষাৎ
হাজং সম্প্রদায়ের সঙ্গে ডেপুটি স্পিকারের সাক্ষাৎ | ছবি: জাতীয় সংসদ
0

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে তার নির্বাচনি এলাকার কলমাকান্দা উপজেলার হাজং উপজাতি সংসদ ভবন কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। আজ (বুধবার, ২২ এপ্রিল) এ সাক্ষাত অনুষ্ঠিত হয়। এসময় হাজং উপজাতি সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২ সদস্যের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার প্রতিনিধিদলের সদস্যদের খোঁজখবর নেন এবং আন্তরিক কুশল বিনিময় করেন।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালে বলেন, ‘তার নির্বাচনি এলাকায় বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান রয়েছে। এলাকার সব শ্রেণি-পেশার মানুষ যাতে জাতীয় সংসদ সম্পর্কে প্রত্যক্ষ ধারণা অর্জন করতে পারেন, সে লক্ষ্যে পর্যায়ক্রমে সবাইকে সংসদ ভবন পরিদর্শন এবং সংসদ অধিবেশন অবলোকনের জন্য আমন্ত্রণ জানানো হবে।’

ডেপুটি স্পিকার বলেন, ‘আজ হাজং সম্প্রদায়ের প্রতিনিধিরা এসেছেন। এর আগে খ্রিষ্টান প্রতিনিধিদল এবং ইমাম প্রতিনিধিদল এসেছিলেন। আমার এলাকার সব সম্প্রদায়ের মানুষ যেন সংসদ সম্পর্কে জানতে পারে, সেটিই আমার লক্ষ্য।’

আরও পড়ুন:

এ সময় হাজং উপজাতি সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রতিনিধিদল এলাকার পূজামণ্ডপ সংস্কার, বিশুদ্ধ পানির ব্যবস্থা, হাজং শিক্ষার্থীদের জন্য বৃত্তি, শিক্ষিত বেকারদের কর্মসংস্থান, হাজং ভাষা চর্চার সুযোগ এবং ব্রিজ-কালভার্ট ও সড়ক সংস্কারের বিষয়ে ডেপুটি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন।

ডেপুটি স্পিকার আরও বলেন, ‘ছোটবেলা থেকেই আমি হাজং সম্প্রদায়কে দেখে আসছি। আপনাদের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয় ও সম্পর্ক রয়েছে। হাজং সম্প্রদায়ের কল্যাণে যা কিছু প্রয়োজন, তা করার চেষ্টা করবো। আপনাদের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে এবং এটি আমার নৈতিক দায়িত্ব।’

তিনি বলেন, ‘মানুষের জন্যই সংসদ। কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ—সবাই আমরা বাংলাদেশি। আমি জানি হাজং সম্প্রদায় এখনও অনেক পিছিয়ে আছে। তাই আপনাদের সন্তানদের জন্য বৃত্তির ব্যবস্থা, পাহাড়ি এলাকায় গভীর নলকূপ স্থাপন করে পানির সমস্যা সমাধান, মাতৃভাষা শিক্ষার সুযোগ এবং মন্দিরভিত্তিক শিশুদের ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করা হবে। এসব ক্ষেত্রে আমি নিজস্ব তহবিল থেকেও সম্মানী প্রদানের ব্যবস্থা করবো।’

এছাড়া তিনি এলাকার ছোট ছোট ব্রিজ, কালভার্ট ও সড়ক নির্মাণ এবং মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

জেআর