ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাল বোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে নিহত ৭

সড়ক দুর্ঘটনা (প্রতীকি)
সড়ক দুর্ঘটনা (প্রতীকি) | ছবি: এখন টিভি
0

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাল বোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে ৭ জন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোররাত ৩টা ১০ মিনিটের দিকে মহাসড়কের হাসানপুর এলাকায় তাসফিন পাম্পের উল্টো পাশে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চাল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়। এসময় ট্রাকের ওপর অবস্থানরত ১৩ জন যাত্রী ট্রাকের নিচে চাপা পড়েন।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৭ জন পুরুষ নিহত হন। আহত হন আরও ৬ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।’

পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ পরিচালনা করে দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করেছেন। পরবর্তীতে মরদেহগুলো থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ জানায়, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দুর্ঘটনার পর কিছুসময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও, বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এসএইচ