জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের ‘প্রতারণার দলিল’: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ | ছবি: এখন টিভি
0

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের ‘অন্তহীন প্রতারণার দলিল’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (মঙ্গলবার, ৩১ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ শীর্ষক বিষয়ে নির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আর্টিকেল ৭২ অনুযায়ী রাষ্ট্রপতি সংসদ অধিবেশন ডেকেছেন। উপদেষ্টা হিসেবে যখন শপথ নিয়েছেন তখন সংবিধান এবং রাষ্ট্রপতি ভালো ছিলেন। আদেশটা বৈধ আইন না।’

সংবিধানের চতুর্থ তফসিলের ধারা ১৭/২ অনুযায়ী রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা নেই বলে উল্লেখ করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আদেশের জন্মই বৈধ হলো না। এই আদেশটা নিউট্রাল জেন্ডার। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল।’

তিনি বলেন, ‘বিএনপি সংস্কার চায় না এবং জুলাই জাতীয় সনদ মানে না বলে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। জুলাই সনদের প্রতিটি বাক্য আমরা ধারণ করি। এটি ঐতিহাসিক রাজনৈতিক দলিল।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘১৯৭৩ সালের ৭ এপ্রিল থেকে রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা রহিত করা রয়েছে। তিনি কোনো আদেশ দ্বারা সার্বভৌম সংসদের ক্ষমতা হ্রাস করতে পারেন না।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার সংবিধান সংরক্ষণের জন্য ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী শপথ নিয়েছেন। কিন্তু তিনি কোন আইন বলে “সংবিধান সংস্কার পরিষদ”-এর সদস্য হিসেবে শপথ নেয়ার ফরম জাতীয় সংসদ সচিবালয়ে পাঠালেন? এই ফরম দাখিল করার কোনো এখতিয়ার তার নেই। তিনি এটি করে শপথ ভঙ্গ ও সংবিধান লঙ্ঘন করেছেন।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন সংসদ সদস্যদের নির্বাচনের জন্য একটি ব্যালট দিয়েছিল। সেখানে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হওয়ার জন্য কোনো আলাদা ব্যালট ছিল না। জনগণ সংসদ সদস্য হিসেবে আমাদের ম্যান্ডেট দিয়েছে, অস্তিত্বহীন কোনো পরিষদের সদস্য হিসেবে নয়।’

এসএস