অবৈধ তেল মজুতকারীদের তথ্য দিলে এক লাখ টাকা পুরস্কারের ঘোষণা সরকারের

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় | ছবি: এখন টিভি
0

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে তথ্য দিলে সহায়তাকারীর জন্য ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকারের জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, জ্বালানি তেলের সুষম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে চোরাই/অবৈধ মজুতদারির ব্যাপারে তথ্য প্রদানকারীকে আর্থিক পুরস্কার প্রদানের বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সিদ্ধান্ত গ্রহণ করেছে। চোরাই/অবৈধ জ্বালানি তেল মজুতের বিষয়ে তথ্য প্রদানকারীকে সর্বোচ্চ এক লাখ টাকা আর্থিক সম্মানী প্রদান করা হবে।

তথ্য প্রদানকারীর যাবতীয় পরিচয় গোপন রাখা হবে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। এছাড়াও, সংশ্লিষ্ট জেলা প্রশাসক তথ্য প্রদানকারীর পুরস্কারের অর্থ প্রাপ্তি নিশ্চিত করবেন। আর্থিক সম্মানী সকল ব্যক্তি/প্রতিষ্ঠান/সংস্থার জন্য উন্মুক্ত থাকবে বলে জানানো হয়েছে বিবৃতিতে।

আরও পড়ুন:

বিবৃতিতে আরও বলা হয়, বিশ্ব বাজারে জ্বালানি তেলের সরবরাহ ও বাজার ব্যবস্থাপনায় অস্থিরতা দেখা দিয়েছে। বিদেশে জ্বালানি তেলের মূল্য অতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় দেশে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সাধারণ জনগণের জন্য আমদানিকৃত জ্বালানি তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় না করে গোপনে মজুত করে অতিরিক্ত মূল্যে বিক্রয় করছে বলে খবর পাওয়া যাচ্ছে। মাঠ প্রশাসন এরমধ্যে এ ধরণের একাধিক অসাধু চক্রকে শাস্তির আওতায় এনেছে।

উল্লেখ্য, জ্বালানি খাতে শৃঙ্খলা ফেরাতে এর আগে সরকার ভ্রাম্যমাণ আদালত বা মোবাইল কোর্ট পরিচালনাসহ নানা আইনি ব্যবস্থা নিয়েছিলো। তবে এসব পদক্ষেপে কাঙ্ক্ষিত ফল না মেলায় এবার নতুন এই উদ্যোগ নেয়া হয়েছে।

ইএ