আজ (রোববার, ২২ মার্চ) সকাল ১০টার দিকে সিঙ্গাপুর থেকে হোয়াটসঅ্যাপে রেলমন্ত্রীকে ফোন করেন তিনি। পরে তাদের কথোপকথনের একটি ভিডিও সংসদ সদস্যের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
ভিডিওতে দেখা যায়, পুরো সময়জুড়ে মনিরুল হক চৌধুরী কান্নাজড়িত কণ্ঠে দুর্ঘটনার বিষয়ে কথা বলছেন। তিনি বলেন, ‘পদুয়ার বাজার রেলক্রসিংয়ে দুর্ঘটনা নতুন নয়, দীর্ঘদিন ধরেই এ ধরনের ঘটনা ঘটছে, কিন্তু স্থায়ী সমাধান হচ্ছে না।’
কান্নাজড়িত কণ্ঠে তিনি মন্ত্রীকে ঘটনাস্থল পরিদর্শনের অনুরোধ জানিয়ে বলেন, ‘আপনি একটু গিয়ে দেখুন… এই লাশ দেখতে দেখতে আমি বৃদ্ধ হয়ে গেছি।’ তিনি আরও জানান, চিকিৎসার জন্য সিঙ্গাপুরে থাকলেও দ্রুত দেশে ফেরার চেষ্টা করবেন।
আরও পড়ুন:
ফোনালাপে রেলমন্ত্রী শেখ রবিউল আলমকে বলতে শোনা যায়, তিনি ঘটনাস্থলে যাচ্ছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
এর আগে, শনিবার দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেন যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। এতে বাসটি প্রায় আধা কিলোমিটার দূরে টেনে নিয়ে যায় ট্রেনটি। দুর্ঘটনায় ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন, পরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ জনে।
দুর্ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কার্যক্রম চালায়। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নেন। সকাল ৮টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।
ঘটনার পর রেলক্রসিংয়ের দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে। জেলা প্রশাসন নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।





