দোরগোড়ায় ঈদ, তাই তো ঈদে নিজেকে নতুন সাজে উপস্থাপন করার জন্য পার্লারে ফোন বা সশরীরে এসে সিরিয়াল নেয়ার হিড়িক রূপসচেতন নারীদের।
ঈদের কেনাকাটা শেষ করে এখন কিশোরী থেকে শুরু করে প্রবীণ নারীরা ছুটছেন বিউটি পার্লারে। বিশেষ দিনে আকর্ষণীয় অবয়ব পেতে আগাম প্রস্তুতি হিসেবে অলিগলি থেকে নামিদামি সব পার্লারেই ভিড় করেছেন নারীরা।
বিভিন্ন পার্লার ঘুরে দেখা গেলো, ঈদকে সামনে রেখে ভ্রূ-প্লাক, আপার লিপ, হেয়ার কাট, হেয়ার সেটিং, হেয়ার কালার, হেয়ার স্পা এবং নানা ধরনের ফেশিয়ালের কাজ বেড়েছে। এছাড়া হাত ও পায়ের যত্নে এবার পেডিকিউর, মেনিকিউর করছেন অনেকেই।
তবে এবার ঈদের ছুটি লম্বা হওয়ায় ঈদের আগেই পার্লারের সার্ভিস নিয়েছেন অনেকেই, তাই এবার অন্যবারের চেয়ে চাপ কিছুটা কম বলে জানান পার্লার মালিকরা। ঈদ উপলক্ষ্যে অনেক পার্লারে ছাড় চললেও আগের চেয়ে বিউটি সার্ভিসের দাম কিছুটা বেড়েছে।
রূপচর্চায় মেয়েদের থেকে ছেলেরা এবার এগিয়ে। নারীদের পার্লারে ভিড় কিছুটা কম পেলেও জেন্টস পার্লারে গিয়ে দেখা গেলো বেশ ব্যস্ত সময় পার করছেন তারা। অনেকে সিরিয়াল না পেয়ে এক দেড় ঘণ্টা অপেক্ষা করে নিচ্ছেন, চাহিদা অনুযায়ী সার্ভিস।
হেয়ারকাট, শেভ, ফেশিয়াল, শ্যাম্পু, ওয়াশ এবং ফেস ওয়াশ, হেয়ার স্ট্রেইট, হেয়ার ট্রিটমেন্ট এমনকি পেডিকিউর মেনিকিউর এখন বেশি চলছে ছেলেদের সেলুনে। ঈদের আগে বাড়তি চাপ সামলাতে তাই ওভারটাইম করছেন সেলুন কর্মীরা।
মেয়ে এবং ছেলে উভয় পার্লারেই চাঁদ রাত পর্যন্ত এমন ভিড় থাকবে বলে জানান পার্লার মালিকরা।





