ফায়ার সার্ভিসের সঙ্গে বেবিচকের সমঝোতা চুক্তি স্বাক্ষর

সমঝোতা চুক্তি স্বাক্ষর
সমঝোতা চুক্তি স্বাক্ষর | ছবি: এখন টিভি
0

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আইক্যাওর আসন্ন অডিটকে সামনে রেখে বিমান নিরাপত্তা ও জরুরি সেবার সক্ষমতা জোরদারে ফায়ার সার্ভিসের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আজ (বৃহস্পতিবার, ১২ মার্চ) সকালে রাজধানীর কুর্মিটোলায় বেবিচক সদরদপ্তরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মধ্যে এ সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তির মাধ্যমে সদস্য দেশগুলোর বিমান নিরাপত্তা তদারকি ব্যবস্থা মূল্যায়ন এবং আকাশপথের নিরাপত্তা, আইন, কর্মী লাইসেন্সিং, বিমান পরিচালনা ও অবকাঠামো আন্তর্জাতিক মানের কিনা তা যাচাইয়ের প্রস্তুতি জোরদার করা হবে।

অনুষ্ঠানে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, আসন্ন আইক্যাও অডিটকে সামনে রেখে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিনির্বাপণ সক্ষমতা ইতোমধ্যেই আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করা হয়েছে।

তিনি আরও জানান, আগুনে ক্ষতিগ্রস্ত কার্গো কমপ্লেক্স আংশিক মেরামত করে বর্তমানে কার্গো কার্যক্রম চালু রাখা হয়েছে। পাশাপাশি চলমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাব দেশের অ্যাভিয়েশন খাতেও পড়ছে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. জাহেদ কামাল বলেন, এই সমঝোতা চুক্তির আওতায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বর্তমান অস্থায়ী ফায়ার স্টেশন এর জায়গায় স্থায়ী একটি ফায়ার স্টেশন স্থাপন করা হবে। পূর্ণ সক্ষমতা নিয়ে এটি বিমান দুর্ঘটনা বা অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে সক্ষম হবে।

আরও পড়ুন:

এই সমঝোতা স্মারকের মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার বিধি-বিধান অনুযায়ী বিমানবন্দর ও এর পার্শ্ববর্তী এলাকায় কোনো ধরনের অগ্নিকাণ্ড, দুর্ঘটনা বা অন্যান্য জরুরি পরিস্থিতি সৃষ্টি হলে দ্রুত ও সমন্বিতভাবে অনুসন্ধান, উদ্ধার এবং অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনার জন্য পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করা।

সমঝোতা স্মারক অনুযায়ী উভয় প্রতিষ্ঠান জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা প্রদান, সমন্বিত প্রশিক্ষণ, তথ্য আদান-প্রদান এবং প্রয়োজনীয় কারিগরি সহায়তার মাধ্যমে বিমান চলাচল নিরাপত্তা জোরদারে কাজ করবে। এর ফলে বিমানবন্দর এলাকায় সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলা, উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং অগ্নিনির্বাপণ সক্ষমতা আরও শক্তিশালী হবে।

এছাড়াও, আন্তর্জাতিক মান বজায় রেখে বিমান চলাচল নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এবং আসন্ন আন্তর্জাতিক অডিটে ইতিবাচক প্রভাব ফেলতে এই সমঝোতা স্মারক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি এবং এফএসসিডি এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

ইএ