আমাদের মধ্যে তর্ক হলেও জাতীয় স্বার্থে ঐক্যমত্য থাকবো: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ | ছবি: এখন টিভি
1

রাজনৈতিক দলগুলোর মধ্যে তর্ক-বিতর্ক থাকলেও মতভেদের ঊর্ধ্বে গিয়ে জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জানান বিএনপি নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গতকাল (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জাতীয় সংসদে আমাদের মধ্যে তর্ক হবে, বিতর্ক হবে, বহুমত হবে কিন্তু জাতীয় স্বার্থে আমরা ঐক্যমত্য থাকবো। জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা জাতীয় সংসদকে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করবো।’

রাজধানীর আবাহনী ক্লাব মাঠে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। উপস্থিত এনসিপির কেন্দ্রীয় ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অংশ নেন বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

আরও পড়ুন:

এসময় অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো সংসদে আইন আকারে পাস করার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এদিকে জুলাই সনদের কোনো বিষয় বাদ দেয়া উচিত হবে না বলে মন্তব্য করেন মিয়া গোলাম পরোয়ার।

এনসিপির ৬টি আসনে জয়লাভ করাকে ১১ দলীয় জোটের প্রতি মানুষের সমর্থনের বড় দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘আগামীর সংসদ দ্রুত সময়ের মধ্যে সংস্কার পরিশোধ হবে এবং অন্তর্বর্তী সরকারের যত আইন তারা পাস করেছে সংসদ সেটাকে অনুমোদন করবে সেই প্রত্যাশা আমরা রাখছি।’

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘এনসিপির প্রতি যে আস্থা মানুষ প্রদর্শন করেছে, বাংলাদেশের একটি নতুন বিনির্মাণের লক্ষ্যে এনসিপির সাথে মানুষের আস্থা তারা এ ভোটের মাধ্যমে প্রমাণ দিয়েছে।’

এসময় দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনের দাবি জানান নাহিদ ইসলাম।

ইএ