Recent event

মনোনীত হয়েও কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার ‘সাময়িকভাবে স্থগিত’

বাংলাদে একাডেমি সাহিত্য পুরস্কার, কবি মোহন রায়হান
বাংলাদে একাডেমি সাহিত্য পুরস্কার, কবি মোহন রায়হান | ছবি: এখন টিভি
4

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫–এর জন্য মনোনীত হওয়ার পরও পুরস্কার পাননি কবি মোহন রায়হান। আজ (বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ফেসবুক পেজে দেয়া পোস্টে এ তথ্য জানান এই কবি। তবে কর্তৃপক্ষের ভাষ্য—বেশকিছু অভিযোগ ওঠায় মোহন রায়হানের পুরস্কারটি ‘সাময়িকভাবে স্থগিত’ রাখা হয়েছে।

কবি মোহন রায়হান জাতীয় কবিতা পরিষদের সভাপতি। ফেসবুক পোস্টে মোহন রায়হান লেখেন, ‘আপনারা অবগত আছেন এবার ২০২৫ বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার (কবিতায়) আমাকে প্রদান করা হয়েছিল। এই পুরস্কার আমার একদমই প্রত্যাশা ছিল না। আমি একজনের কাছেও পুরস্কারের জন্য তদবির করিনি। পুরস্কার কমিটি স্বতঃস্ফূর্তভাবে আমাকে নির্বাচিত করে।’

সেখানে তিনি আরও উল্লেখ করেন, ‘গতকাল পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের ডেকে এসএসএফ পুরস্কার গ্রহণের রিহার্সালও প্রদান করে। যথারীতি আজ পুরস্কার গ্রহণের জন্য এসে জানতে পারলাম, ৪১ বছর আগে কর্নেল তাহেরকে নিয়ে লেখা আমার ‘তাহেরের স্বপ্ন’ কবিতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়ে একটি মহল আমার পুরস্কার বাতিল করিয়েছে।’

এ বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, ‘তার লেখা এবং কবিতা বিষয়ে কিছু অভিযোগ উত্থাপিত হওয়ায় ব্যাপারটা খতিয়ে দেখার স্বার্থে কর্তৃপক্ষ পুরস্কারটা সাময়িকভাবে স্থগিত করেছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্রুতই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।’

কবি মোহন রায়হানের ফেসবুক পোস্ট |ছবি: এখন টিভি

তবে মোহন রায়হানের লেখা ও কবিতার বিষয়ে ঠিক কী ধরনের অভিযোগ পাওয়া গেছে, সে বিষয় পরিষ্কার করেনি বাংলা একাডেমি কর্তৃপক্ষ।

জানতে চাইলে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘মোহন রায়হানের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে। এসব বিষয় খতিয়ে দেখে আবার পুরস্কার ঘোষণা করা হবে। আগের সরকারের সময় বাংলা একাডেমি তাকে এ পুরস্করের জন্য মনোনয়ন দিয়েছিল। এখন আমরা বিষয়টি খতিয়ে দেখবো। তারপর সিদ্ধান্ত হবে।’

কী ধরনের অভিযোগে এ সিদ্ধান্ত নেয়া হচ্ছে জানতে চাইলে সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘এটা নিয়ে এখন কথা বলা যাবে না। বিষয়টি যেহেতু খতিয়ে দেখা হচ্ছে, তাই এ বিষয়ে বলা যাবে না।’

এসএস