Recent event

হাজারীবাগে গ‍্যাস বিস্ফোরণের আগুনে শিশুসহ একই পরিবারের দগ্ধ ৪

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট | ছবি: সংগৃহীত
0

রাজধানীর হাজারীবাগের রায়েরবাজার এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের নারী ও শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। আজ (সোমবার, ২৩ ফেব্রুয়ারি) ভোরের দিকে রায়েরবাজারের ১৪৭ নম্বর জাহানারা ভিলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।

পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান।

দগ্ধরা হলেন শেখ রোমান (৩৫), তার স্ত্রী পিংকি আক্তার (৩২), তাদের তিন বছর বয়সী ছেলে মায়ান (৩) এবং রোমানের শ্যালক অপু (২৩)।

আরও পড়ুন:

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা মো. মামুন জানান, বাসায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে পরিবারের চারজন দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ভর্তি দেন।

অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, রায়েরবাজার এলাকা থেকে অবস্থায় চারজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এদের মধ্যে শেখ রোমানের শরীরের ২৫ শতাংশ, পিংকি আক্তারের শরীরের ৭৫ শতাংশ, শিশু মায়ানের শরীরের ২৪ শতাংশ এবং অপুর শরীরের ৭ শতাংশ দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ‍্যে ২ জন হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডি ইউ) রাখা হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

ইএ