Recent event

ব্যস্ত সূচিতে দিন পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি: পিএমও
0

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (রোববার, ২২ ফেব্রুয়ারি) একাধিক সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ সভায় অংশ নিয়ে ব্যস্ত দিন অতিবাহিত করছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক কর্মসূচি অনুযায়ী সকাল থেকে দুপুর পর্যন্ত সচিবালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে ধারাবাহিক কর্মসূচি নির্ধারিত রয়েছে।

সকাল ১০টা ৩০ মিনিট: পররাষ্ট্রমন্ত্রী ও সচিবের সাক্ষাৎ

দিনের শুরুতে সকাল সাড়ে ১০টায় পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিব প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সচিবালয়ের ২০১ নম্বর কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বেলা ১১টা: সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

এরপর বেলা ১১টায় ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। মন্ত্রিপরিষদ বিভাগের ২১৬ নম্বর কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় আলোচিত হয়।

বেলা ১২টা: শাহজালাল বিমানবন্দর ৩য় টার্মিনাল সভা

বেলা ১২টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্পের অগ্রগতি ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিশেষ সভা আহ্বান করা হয়। প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

দুপুর ১২টা ৩০ মিনিট: মন্ত্রী ও উপদেষ্টাদের সাক্ষাৎ

দুপুর সাড়ে ১২টায় স্থানীয় সরকার, স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ও নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

দুপুর ২টা: ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ সভা

দিনের শেষ ভাগে দুপুর ২টায় ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ গঠন বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে স্বাস্থ্যখাত উন্নয়ন ও নীতিগত বিষয় নিয়ে আলোচনা হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) শাহরিয়ার জামিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজকের এ কর্মসূচি জানানো হয়েছে।

এনএইচ