Recent event

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিষেধাজ্ঞা ‘পুরোপুরি স্পষ্ট নয়’: ইসি মাসউদ

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ | ছবি: এখন টিভি
2

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞা নিয়ে এখনও ‘পুরোপুরি স্পষ্টতা নেই’ বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাসউদ। আজ (সোমবার, ৯ ফেব্রুয়ারি) এখন টেলিভিশনের সঙ্গে একান্ত ফোনালাপে তিনি বলেন, ‘নিষেধাজ্ঞার আওতায় গণমাধ্যমকর্মীরা পড়লে কমিশনাররা বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’

এর আগে, আসন্ন নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে প্রিজাইডিং অফিসার ও আনসার সদস্য ছাড়া অন্য সবার ওপর নিষেধাজ্ঞার কথা জানায় নির্বাচন কমিশন।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসি। এ-সংক্রান্ত নির্দেশনা দিয়ে গতকাল (রোববার, ৮ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলামের সই করা একটি চিঠি সারা দেশের রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, আনসার, সাধারণ আনসার বা ভিডিপির ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী দু’জন আনসার সদস্য মোবাইল ফোন রাখতে পারবেন।

আরও পড়ুন:

এ বিষয়ে গতকাল একটি গণমাধ্যমকে ইসি আব্দুর রহমানেল মাসউদ বলেন, ‘শত শত মানুষ যদি ক্যামেরা নিয়ে, মোবাইল নিয়ে, এজেন্টরা মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে ঢোকে—তাহলে আমার মহা মুশকিল হবে।’

ভোটারদের ভোট দিতে গিয়ে দুই থেকে পাঁচ ঘণ্টা মোবাইল ফোন ছাড়া থাকতে হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই প্রশ্নটা আমিও নিজেও চিন্তা করছি। তারপরও আমরা বলে আসছি যে ভোটিং প্রসিডিউরে ফোন নেয়া যাবে না। এটাও আমাদের জীবনের অংশ; এটার পক্ষে-বিপক্ষে দুইভাবেই কথা আছে।’

তিনি আরও বলেন, ‘এ নিষেধাজ্ঞা ভোটারদের ওপর দেয়া হয়েছে। সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করতেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি; যেটা আমি সরাসরি কন্ট্রোল করতে পারি না। তাই বলছি, ভোট দেয়ার সময় ফোন নেবেন না। পরীক্ষার হলে যেমন ফোন নেয়া যায় না।’

ভুলবশত কেউ ফোন নিয়ে ভোটকেন্দ্রে গেলে কী হবে—এ প্রশ্নে ইসি জানান, সে ক্ষেত্রে ভোটাররা প্রিজাইডিং অফিসারের কাছে ফোন জমা রেখে ভোট দিতে পারবেন।

এনএইচ