Recent event

লেবানন থেকে দেশে ফিরেছেন আরো ১০৫ বাংলাদেশি

0

যুদ্ধ বিধ্বস্ত লেবানন থেকে আরো ১০৫ বাংলাদেশি দেশে ফিরেছেন। গতকাল (বৃহস্পতিবার) রাতে পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতে বাংলাদেশ মিশন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় তারা দেশে পৌঁছান।

এসব বাংলাদেশি সেখানে আটকা পড়েছিলেন বলে জানা গেছে। বাংলাদেশ সরকারের ভাড়া করা আমিরাত এয়ারলাইন্সের ইকে-৫৮৪ ফ্লাইটে করে বৃহস্পতিবার রাত ১১টায় তারা দেশে পৌঁছান।

এর মাধ্যমে এখন পর্যন্ত নয়টি ফ্লাইটে লেবানন থেকে মোট ৯৬৩ বাংলাদেশি নিরাপদে দেশে ফিরেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম প্রতিনিধিরা বিমানবন্দরে ১০৫ জন বাংলাদেশিকে স্বাগত জানান।

সূত্রের তথ্যানুযায়ী, ফেরত আসা প্রত্যেক ব্যক্তিকে ৫ হাজার টাকা, প্রয়োজনীয় খাদ্য এবং প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেছে আইওএম।

সহিংসতার কারণে লেবানন থেকে দেশে ফেরত আসতে ইচ্ছুক সকল বাংলাদেশির প্রত্যাবাসন ব্যয় বহন করার বিষয়ে অন্তর্বর্তী সরকার তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। যারা থাকতে চান তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বৈরুতে বাংলাদেশ দূতাবাস প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলেও জানানো হয়েছে।—বাসস

এএইচ