হবিগঞ্জে জুবা ধর্ষণ ও হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা | ছবি: এখন টিভি
0

হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী জুবা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

আজ (রোববার, ১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সৈয়দা মিনহাজ উম মুনীরা এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— নবীগঞ্জ উপজেলার হরিনগর গ্রামের মিরাশ উদ্দিনের ছেলে খলিল উদ্দিন (৩০) ও ইশ্বাদ উল্লার ছেলে গোলাম হোসেন (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম।

আরও পড়ুন:

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ২৬ ডিসেম্বর রাত ১১টার দিকে দণ্ডপ্রাপ্তরা একই গ্রামের সুফি মিয়ার মেয়ে জুবা আক্তারকে (১৭) ধর্ষণের পর হত্যা করেন। পরে তার মরদেহ নবীগঞ্জ উপজেলার কাজীর বাজার-মার্কুলি সড়কের পাশে হাত-পা বেঁধে ধানক্ষেতে ফেলে রাখেন।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনার পরদিন নিহতের বাবা সুফি মিয়া বাদী হয়ে খলিল উদ্দিন ও গোলাম হোসেনকে আসামি করে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

পরে পুলিশ দীর্ঘ তদন্ত শেষে দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। রাষ্ট্রপক্ষে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ আসামিদের উপস্থিতিতে বিচারক এ দণ্ডাদেশ দেন।

এফএস