কক্সবাজারে ঝুঁকিপূর্ণ প্যারাসেইলিং বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচালিত ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ প্যারাসেইলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অ্যাডভেঞ্চার পর্যটনের জন্য আন্তর্জাতিক মানের নিরাপত্তা কাঠামো প্রণয়নের দাবিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

আজ (মঙ্গলবার, ৪ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নিশাত ফারজানা এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, গত ১ আগস্ট কক্সবাজারের হিমছড়ি এলাকার দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিং করার সময় ছিটকে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়। এ ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে এতে বলা হয়, এটি পর্যটকদের নিরাপত্তায় বড় ধরনের ঝুঁকির ইঙ্গিত দেয়, যার দায় প্রশাসন এড়াতে পারে না।

নোটিশে অভিযোগ করা হয়, কক্সবাজার সমুদ্র সৈকতে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা, প্রশিক্ষিত অপারেটর ও মানসম্মত যন্ত্রপাতি ছাড়াই প্যারাসেইলিং পরিচালিত হচ্ছে। একাধিক দুর্ঘটনা ঘটলেও প্রশাসনের কার্যকর নজরদারি ও নিয়ন্ত্রণের ঘাটতি রয়েছে।

এতে আরও বলা হয়, সাম্প্রতিক দুর্ঘটনার পর প্রশাসনের বক্তব্য থেকে জানা গেছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্যারাসেইলিং পরিচালনার কোনো অনুমোদন ছিল না। পাশাপাশি পর্যটকদের নিরাপত্তায় দায়িত্বে থাকা ট্যুরিস্ট ম্যাজিস্ট্রেটদের অগোচরেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানানো হয়েছে। নোটিশে বলা হয়, এসব তথ্য প্রশাসনিক ব্যর্থতারই প্রমাণ।

লিগ্যাল নোটিশে ৮ দফা দাবি জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে—ঝুঁকিপূর্ণ প্যারাসেইলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ, অপারেটরদের লাইসেন্স ও নিরাপত্তা মান যাচাই, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে স্বাধীন তদন্ত কমিটি গঠন, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, ট্যুরিস্ট পুলিশ ও ট্যুরিস্ট ম্যাজিস্ট্রেটদের দায়িত্বশীলতা নিশ্চিত করা, নিহত পর্যটকের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং দরিয়ানগরের সংশ্লিষ্ট প্যারাসেলিং প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেয়া ব্যবস্থা জনসমক্ষে প্রকাশ করা।

এছাড়া ভবিষ্যতে প্যারাসেইলিংসহ সব ধরনের অ্যাডভেঞ্চার পর্যটন কার্যক্রম পরিচালনায় আন্তর্জাতিক মানের নিরাপত্তা নির্দেশিকা ও কার্যকর নিয়ন্ত্রক কাঠামো প্রণয়ন এবং তা কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।

নোটিশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ১৫ কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় জনস্বার্থে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে বলে উল্লেখ করেছেন নোটিশদাতা আইনজীবী নিশাত ফারজানা।

এএইচ