বিএনপি জোটের প্রার্থী কাসেমীর নামে মামলা, তদন্তে সিআইডি

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, ঢাকা
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, ঢাকা | ছবি: সংগৃহীত
0

নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি জোট প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত খেজুর গাছ প্রতীকের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীর বিরুদ্ধে মানহানির অভিযোগ তুলে মামলা দায়ের করা হয়েছে। আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডটকম এর সাংবাদিক মো. আকাশ এ মামলার আবেদন করেন।

সেই সঙ্গে মেট্রোপলিটন মাজিস্ট্রেট কামাল উদ্দিন মামলাটি গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫/২০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়, ‘নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডটকম’ এ গত ৩১ জানুয়ারি দুপুর ২টার দিকে মনির হোসাইন কাসেমীর নির্বাচনি প্রার্থী হিসেবে টাকা বিতরণের ভিডিও প্রকাশ করে। এরপর সে ভিডিওটি দেশের বেশিরভাগ গণমাধ্যমে প্রকাশ পায়। এর পরিপ্রেক্ষিতে প্রার্থীর স্বীকারোক্তির ভিত্তিতে ভারপ্রাপ্ত রিটার্নিং অফিসার তাকে দেড় লাখ টাকা জরিমানা করেন।

পরবর্তীতে ১ ফেব্রুয়ারি অভিযুক্তদের পরিচালিত ফ্যান পেজে ‘নিউজ নারায়ণগঞ্জ ডিজিটাল’ ও ‘নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডটকম’ এর লোগো ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ছবি ব্যবহার করে একটি আপত্তিকর, মানহানিকর ও অসত্য কন্টেন্ট আপলোড করা হয়। রাত ১১টার দিকে সে কনটেন্ট আবার ডিলিট করা হয়। যা প্রতিষ্ঠানটির জন্য মানহানিকর।

মামলার আইনজীবী অ্যাডভোকেট খোরশেদ আলম বলেন, ‘মুফতি মনির হোসাইন কাসেমী নির্বাচনি এলাকায় অভিভাবকদের টাকা প্রদান করে; যা ক্যামেরায় বিষয়টা ধরা পরে। সেই সঙ্গে বিধি মোতাবেক মুফতি মনির হোসাইন কাসেমীকে দোষ স্বীকারপূর্বক এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। যা দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়।

তিনি আরও বলেন, ‘কিন্তু মনির হোসাইন কাসেমীর বিভিন্ন ফ্যান পেজ থেকে বলা হয় ‘‘নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডটকম’’ মিথ্যা বানোয়াট নিউজ ছাপিয়েছে; মনির হোসাইন কাসেমীর বিরুদ্ধে সব ষড়যন্ত্র।’

তিনি বলেন, ‘কাসেমী ও অজ্ঞাতনামা আসামিরা পরস্পর যোগসাজশে ‘‘নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডটকম’’ ও ‘‘নিউজ নারায়ণগঞ্জ ডিজিটালে’র বিরুদ্ধে অসত্য, অপ্রীতিকর, বিব্রতকর ও মানহানিকর তথ্য পোস্ট, প্রচার ও প্রকাশে প্রতিষ্ঠানটির চরম মানহানি করে এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয় মামলায়।’

এএইচ