Recent event

ইশরাককে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের শুনানি কাল

বিএনপি দলীয় প্রার্থী মোহাম্মদ ইশরাক হোসেন
বিএনপি দলীয় প্রার্থী মোহাম্মদ ইশরাক হোসেন | ছবি: এখন টিভি
0

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের শুনানি পিছিয়ে আগামীকাল বৃহস্পতিবার (২২ মে) ধার্য করেছেন হাইকোর্ট।

আজ (বুধবার, ২১ মে) এ বিষয়ে আদেশ দেয়ার কথা থাকলেও এদিনও দুপক্ষের আইনজীবীরা শুনানি করেন। পরে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ জানান, নিজেদের মধ্যে আলোচনা করে কাল এগারোটায় আদেশ দিবেন তারা।

এর আগে গত বুধবার বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়।

সেই সঙ্গে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয় রিটে। হাইকোর্টে রিট আবেদনটি করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা মো. মামুনুর রশিদ।

গত ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন আদালত।

২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

এএইচ