Recent event

ফেসবুকে অপতথ্য প্রচারের অভিযোগে এক কোটি টাকার মানহানি মামলা

আদালত প্রাঙ্গনে আইনজীবীদের সাথে বাদী পক্ষের লোকজন
আদালত প্রাঙ্গনে আইনজীবীদের সাথে বাদী পক্ষের লোকজন | ছবি: এখন টিভি
0

ফেসবুকে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে কুমিল্লায় এক কোটি টাকার মানহানি এবং হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। আজ (রোববার, ২৭ এপ্রিল) দুপুরে কুমিল্লার ৪নং আমলি আদালতে মামলাটি দায়ের করেন দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো রিপোর্টার মো. আবুল খায়ের।

এ সময় আদালত মামলাটি আমলে নিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা মলি দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। অভিযুক্ত মো. শাহীন আলম জেলার আদর্শ সদর উপজেলার হরিপুর গ্রামের মো. হারুন মিয়ার ছেলে।

মামলায় অভিযোগ করা হয়, শাহিন আলম শাহিন নামের ওই ব্যক্তি দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো রিপোর্টার আবুল খায়েরকে নিয়ে আপত্তিকর তথ্য প্রচার করেন। এ ঘটনার নেপথ্যে একটি চক্র কাজ করছে বলে অভিযোগ করা হয়। চক্রটি ওই সাংবাদিকের ওপর হামলা এবং তাকে হত্যার চেষ্টা করছে বলেও মামলায় উল্লেখ করা হয়।

মামলার কৌঁসুলি অতিরিক্ত পিপি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন বলেন, ‘শাহিন আলম শাহিন নামে একটি ফেসবুক আইডি থেকে আমার মক্কেল সাংবাদিক আবুল খায়েরের বিরুদ্ধে মানহানিকর কুরুচিপূর্ণ আপত্তিকর লেখা প্রকাশ করেছে। যা দেশের প্রচলিত আইন অনুসারে অপরাধযোগ্য। আদালত মামলাটি আমলে নিয়েছে। আমরা এক কোটি টাকার মানহানি হয়েছে মর্মে মামলা দায়ের করেছি। তাছাড়া আমার মক্কেলের ওপর হামলা এবং তাকে হত্যার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছি। আদালত অভিযোগটি তদন্ত করে দেবীদ্বার থানার ওসিকে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।’

এএইচ