জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে বিশ্বজুড়ে মূল্যস্ফীতির শঙ্কা তীব্র হয়েছে। এতে মার্কিন ট্রেজারি ইয়েল্ড বা বন্ডের সুদহার এবং ডলারের মূল্য দুই মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সুদের হার বাড়লে বিনিয়োগকারীরা সাধারণত স্বর্ণের মতো বিনাসুদের সম্পদে বিনিয়োগ কমান, যা স্বর্ণের দামে মন্দা তৈরি করেছে।
পয়েজ ইনভেস্টমেন্ট অ্যাডভাইজরসের শীর্ষ কর্মকর্তা শেরিফ ওসমান আল জাজিরাকে জানান, স্বর্ণের আলাদা কোনো সুদ আয় না থাকায় মার্কিন বন্ডের সুদের হার বাড়লে বিনিয়োগকারীরা স্বর্ণ ছেড়ে অন্য লাভজনক খাতে বিনিয়োগ সরিয়ে নেন।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৩ শতাংশ বাড়ার পাশাপাশি মার্কিন ডলারের দর শক্তিশালী অবস্থানে রয়েছে। ইউএস ফেডারেল রিজার্ভ সুদের হার আরও বাড়াতে পারে—এমন আভাস দেয়ার পরপরই ধাতব পণ্যের বাজারে এ প্রভাব পড়ে।
স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। সোমবার স্পট সিলভার বা রুপার দাম ৪ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৬১ দশমিক ২৭ ডলারে দাঁড়ায়। এছাড়া প্ল্যাটিনামের দাম ২ দশমিক ৯ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ৪ দশমিক ৪ শতাংশ কমেছে।





