চোখে মুখে ভয়ের ছাপ থাকলেও বজ্র কণ্ঠে একদম সিনেমার নায়কের মতোই শপথ পাঠ করলেন তামিলনাড়ুর নয়া মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি। খোলা মাঠে জনগণের অতিরিক্ত চাপ সামলাতে না পারার শঙ্কায় ইনডোর স্টেডিয়ামেই হয় থালাপতির শপথ। সেসময় স্লোগানে কেঁপে উঠে পুরো ভেন্যু।
এরই মধ্য দিয়ে ৬০ বছরের রেকর্ড ভেঙ্গে নতুন ইতিহাস গড়লেন দক্ষিণের সাড়াজাগানো এ সুপারহিরো। ডিএমকে ও এআইএডিএমডিকে’র বাইরে এ প্রথম রাজ্যটিতে সরকার গঠন করতে যাচ্ছে বিজয়ের দল টিভিকে।
আজ (রোববার, ১০ মে) সকালে চেন্নাইয়ের জওহারলাল নেহেরু স্টেডিয়ামে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন থালাপতি বিজয়। আয়োজনে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। থালাপতির পর একে একে শপথ নেন আরও ৯ মন্ত্রী। শপথ নিয়েই বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ বিতরণ ও মাদক নিয়ন্ত্রণ ও নারীদের সুরক্ষায় বিশেষ বাহিনীর কথা বলেন।
থালাপতির হাত ধরে ২ বছর আগে অঙ্কুরিত হয় টিভিকে দল। স্বল্প সময়ের মধ্যেই ব্লকবাস্টার সিনেমার মতোই জনপ্রিয়তার তুঙ্গে ওঠে এটি। অভিনয় দিয়ে মন জয় করে এবার রাজনীতিতেও প্রথম পদক্ষেপেই বাজিমাত তামিল হিরোর।
তবে যাত্রাটা খুব একটা মসৃণ ছিলো না থালাপতির জন্য। নির্বাচনি প্রচারের সময় পদদলনে ঘটনায় কয়েকজনের নিহতের ব্যাপক সমালোচার মুখে পড়তে হয় তাকে। শেষ ধাক্কা খান নির্বাচনি ফলাফলে সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে।
বিধানসভার ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসন পায় থালাপতির দল টিভিকে। কংগ্রেস ও আরও দুটি বামপন্থী দলের ৯টি আসনে সমর্থনের পরও সংখ্যাগরিষ্ঠাতা না পাওয়ায় অনিশ্চয়তার মুখে পড়েছিলো তার মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ।
অবশেষে প্রয়োজনীয় দুটি আসনে ভিসিকের সমর্থনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজয়ের দল। রাজ্যপালের সঙ্গে চতুর্থ দফায় বৈঠকের পর মেলে রাজ্যসরকার গঠনের টিকিট।





