মহাকাশপ্রেমীদের জন্য এই দিনটি অনন্য। ইউরোপের আকাশে দৃশ্যমান শতাব্দীর সেরা সূর্যগ্রহণ, আইসল্যান্ডের পর স্পেনেও দেখা মিলেছে মহাজাগতিক দৃশ্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণের। সাক্ষী হয়েছেন লাখ লাখ মানুষ।
২৭ বছর পর এটাই ইউরোপে প্রথম পূর্ণগ্রাস। সর্বোচ্চ স্থায়িত্ব ছিল আইসল্যান্ডের পশ্চিম উপকূলের কাছে, প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড। এছাড়াও, স্পেনের বিলবাও, ভ্যালেন্সিয়া ও মায়োর্কার মতো শহরগুলোতে সূর্য ডোবার ঠিক কয়েক মিনিট আগে গ্রহণটি পূর্ণগ্রাসে রূপ নেয়। এছাড়াও, উত্তর আমেরিকার উত্তর-পূর্বাঞ্চল, উত্তর আফ্রিকা এবং সুমেরু অঞ্চলের বিশাল এলাকা থেকে দেখা গেছে আংশিক সূর্যগ্রহণ
এই গ্রহণকে কেন্দ্র করে স্থানীয় ও পর্যটকদের ঢল নামে গ্রহণ দেখা যাওয়ার স্পটগুলোতে। গ্রহণপ্রেমীদের জন্য বিশেষ 'এক্লিপস ফ্লাইটস' এবং সমুদ্রযাত্রার আয়োজন করে এয়ারলাইন্স ও ক্রুজ কোম্পানি।
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হচ্ছে এমন এক মহাজাগতিক ঘটনা যখন সূর্য ও পৃথিবীর ঠিক মাঝখানে এসে পড়ে চাঁদ। পৃথিবী থেকে দেখলে মনে হবে কিছু সময়ের জন্যে ঢেকে গেছে সূর্য।





